বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আজ এক উৎসবমুখর পরিবেশে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক ও আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট জনাব মোঃ সাইফুল্লাহ রাসেলের র্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ এনডিসি, পিএসসি তাঁকে নতুন পদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক যথাযথ যোগ্যতা এবং সময়োপযোগী সক্ষমতা ও পেশাদারীত্ব অর্জনের মাধ্যমে অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ সাইফুল্লাহ রাসেলের দীর্ঘদিনের সাংগঠনিক আস্থা ও নিষ্ঠার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই পদোন্নতির ধারাবাহিকতায় আনসার-ভিডিপি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমে উৎকর্ষতা ও আধুনিকায়নের মাধ্যমে আগামী দিনে বাহিনী সুবৃহৎ পেশাদার প্যারামিলিটারি ফোর্স হিসেবে প্রতিষ্ঠিত হবে। তিনি আরো আশা প্রকাশ করেন যে, ১৮তম বিসিএসের এই কর্মকর্তা তাঁর পেশাদারিত্ব এবং অভিজ্ঞতাকে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণে আরও দৃঢ়ভাবে কাজে লাগাতে অধীনস্থদের সঠিক পথ প্রদর্শনে অনুপ্রাণিত করবেন।
অনুষ্ঠানে বাহিনীর সদর দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত কর্মকর্তা, বিভিন্ন জোনের অধিনায়ক, জেলা কমান্ড্যান্টগণ উপস্থিত ছিলেন। এই আয়োজন অতিরিক্ত মহাপরিচালকের গৌরবময় পথচলার এক অনন্য স্বীকৃতি।
পড়ুন : সমাজকে আরো সুন্দর করার লক্ষ্যে আমাদের সকলের ভূমিকা রাখতে হবে : রেলপথ প্রতিমন্ত্রী


