মাদকের ভয়াল থাবা সমাজের প্রতিটি সেক্টরকে গ্রাস করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে।
মঙ্গলবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফকরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল রাব্বি, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘শিক্ষার্থীদের বাবা-মাকে বলব, সন্তানকে শুধু সার্টিফিকেট অর্জনের জন্য তৈরি করবেন না। তাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলুন এবং মাদক থেকে দূরে রাখুন।’
এর আগে দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়। উপজেলার ৪০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারকে মোট ৮০ হাজার টাকা নগদ অনুদান এবং সমাজকল্যাণ অধিদপ্তরের পক্ষ থেকে শিক্ষার্থীদের ১ লাখ ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
এ ছাড়া সাতজন প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিকে হুইলচেয়ার এবং বিভিন্ন শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মাঝে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ, ক্রীড়া সামগ্রী, শিক্ষা উপকরণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়।
পড়ুন : ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে সারাদেশে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
সা/


