টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাখেরটেকি গ্রামের দীর্ঘদিনের অবহেলিত সড়কের সংস্কারকাজের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ২৫ বছর ধরে সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম দুর্ভোগে ছিলেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ প্রতীক্ষার পর সংস্কারের উদ্যোগ নেওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টি হলেই বিভিন্ন স্থানে কাদা ও পানি জমে যায়। এতে পায়ে হেঁটে চলাচল থেকে শুরু করে যানবাহন চলাচল পর্যন্ত নানা ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, রোগী, বয়স্ক ব্যক্তি ও জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়।
বর্ষা মৌসুমে দুর্ভোগের মাত্রা আরও বেড়ে যায়। সড়কের বিভিন্ন অংশে পানি-কাদা জমে থাকায় অনেক সময় যানবাহন চলাচলও ব্যাহত হয়। ফলে জরুরি প্রয়োজনে রোগী হাসপাতালে নেওয়া কিংবা কৃষিপণ্য পরিবহনেও সমস্যায় পড়তে হয় স্থানীয়দের।
এ অবস্থায় দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সড়কটির সংস্কারকাজে সার্বিক সহযোগিতার উদ্যোগ নিয়েছেন গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও মির্জাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম।
সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি। তারা বলছেন, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের কাছে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে এলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এবার সংস্কারকাজ সম্পন্ন হলে গ্রামের মানুষের চলাচলে দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।
এ বিষয়ে খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম বলেন, “দীর্ঘদিন ধরে রাখেরটেকি গ্রামের মানুষ এই সড়কের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন। মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই সড়কটির সংস্কারকাজে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার চেষ্টা থাকবে।”
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, সড়কটির সংস্কারকাজ যথাযথভাবে ও টেকসইভাবে সম্পন্ন হলে রাখেরটেকি গ্রামের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ-দুর্ভোগের অবসান ঘটবে। পাশাপাশি শিক্ষার্থী, কৃষক, রোগীসহ সব শ্রেণি-পেশার মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।
পড়ুন : বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ
সা/


