ঈমানী অস্তিত্বের ঈদ প্রাণাধিক প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে চট্টগ্রামে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগষ্ট) ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের উদ্যোগে নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়। পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি লালদিঘী মাঠে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা, সালাতু সালাম ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ। এতে শতাধিক পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, চিন্তাবিদ, গবেষক, দার্শনিক ও শিক্ষাবিদ উপস্থিত ছিলেন। পাশাপাশি বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দয়াময় আল্লাহতাআলার সর্বোচ্চ রহমত হিসেবে সমগ্র মানবমণ্ডলীর জন্য সত্যের আলো, মুক্তির উৎস এবং সকল গুণ, জ্ঞান ও কল্যাণের মূল হিসেবে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন আল্লাহতাআলার প্রতি সর্বোচ্চ শোকরিয়ার ঈদ—ঈদে আজম।
বক্তারা আরও বলেন, মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমগ্র সৃষ্টির জন্য স্রষ্টার পক্ষ থেকে সর্বোচ্চ অনুগ্রহ। তাঁর মাধ্যমে মানবজাতি জ্ঞান-বিজ্ঞান, গুণ ও কল্যাণের দিশা পেয়েছে।
নেতৃবৃন্দ বলেন, সত্য ও মানবতার মহান রাসুলের দিশা ছাড়া স্রষ্টার সঙ্গে বন্ধন যেমন প্রতিষ্ঠিত হয় না, তেমনি মানবিক অস্তিত্ব, মানবজীবন ও মানবতার রাষ্ট্রব্যবস্থাও সঠিক পথে পরিচালিত হতে পারে না। মহান রাসুলের আদর্শ থেকে বিচ্যুত হলে জীবন ও সমাজ মিথ্যা, অবিচার, শোষণ, সন্ত্রাস, পাশবিকতা, দস্যুতা ও স্বৈরতার শিকার হয়ে পড়ে বলেও মন্তব্য করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, প্রত্যেক মানুষকে নিজের জীবন, স্বাধীনতা, মর্যাদা ও কল্যাণের স্বার্থে প্রিয় রাসুলকেন্দ্রিক হতে হবে। মানবতার রাষ্ট্র ও মুক্ত জীবনের অখণ্ড দুনিয়া প্রতিষ্ঠায় খেলাফতে ইনসানিয়াতের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
সবশেষে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রদত্ত ঈমানী জীবন এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে সত্য ও মানবতার উৎস ঈদে আজম উদযাপনের আহ্বান জানান বক্তারা।
পড়ুন : হরমুজ প্রণালীতে অস্থায়ী নৌপথ চালুর প্রস্তাব ইরান-ওমানের
সা/


