বিজ্ঞাপন

সৌদি-যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তির নথি কংগ্রেসে

সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পারমাণবিক জ্বালানি চুক্তির নথি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে পাঠিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে সৌদি আরবকে ‘আব্রাহাম অ্যাকর্ডসে’ যোগ দিতে হবে বলে শর্ত দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই শর্ত পূরণ না হলে চুক্তিটি এগোবে না।

বিজ্ঞাপন

সোমবার (২৪ আগস্ট) চুক্তির নথি কংগ্রেসে পাঠানো হয়েছে বলে এবিসি নিউজকে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা। চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট আরও দুই সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের অ্যাটমিক এনার্জি অ্যাক্টের ১২৩ ধারার আওতায় চুক্তিটি করা হয়েছে। এটি পর্যালোচনার জন্য সিনেটের ফরেন রিলেশনস কমিটি ও প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটি ৯০ দিন সময় পাবে। তবে এর আগে এমন পর্যালোচনার সময়সীমা স্থগিত করার নজির রয়েছে।

যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২২ জুলাই চুক্তিটি চূড়ান্ত করা হয়। এতে স্বাক্ষর করেন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট ও সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান।

চুক্তি চূড়ান্ত হওয়ার পরদিনই এতে নতুন শর্ত যুক্ত করেন ট্রাম্প। তিনি ঘোষণা দেন, সৌদি আরব ‘আব্রাহাম অ্যাকর্ডসে’ যোগ দিলেই কেবল চুক্তিটি কার্যকর হবে। তবে মূল চুক্তিতে এ ধরনের কোনো শর্ত ছিল না।

‘আব্রাহাম অ্যাকর্ডসে’ সৌদি আরব যোগ দিলে ইসরায়েলের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার পথ তৈরি হবে। তবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সৌদি আরব দীর্ঘদিন ধরে অনড় অবস্থানে রয়েছে।

মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের ওই কর্মকর্তা জানান, প্রেসিডেন্টের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। এবিসি নিউজকে তিনি বলেন, “সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলেই কেবল পারমাণবিক চুক্তিটি এগিয়ে যাবে।”

চুক্তিটি এক মাসেরও বেশি আগে চূড়ান্ত হলেও এখন আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে পাঠানোর কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। এর মধ্যে সৌদি আরবও এখন পর্যন্ত আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার বিষয়ে প্রকাশ্যে কোনো ইঙ্গিত দেয়নি।

প্রস্তাবিত চুক্তির মাধ্যমে সৌদি আরবের বেসামরিক পারমাণবিক জ্বালানি কর্মসূচি উন্নয়নে যুক্তরাষ্ট্রের অংশীদার হওয়ার সুযোগ তৈরি হবে। এর আগে মার্কিন কর্মকর্তারা এবিসি নিউজকে জানিয়েছিলেন, চুক্তিতে ভবিষ্যতে সৌদি আরবের নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সম্ভাবনা খোলা রাখা হয়েছে। এ বিষয়টি পারমাণবিক অস্ত্র বিস্তার নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে।

তবে ট্রাম্প দাবি করেছেন, চুক্তির আওতায় সৌদি আরবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ থাকবে না। গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, কোনো উপাদানই সমৃদ্ধ করা হবে না!

চুক্তির নথি কংগ্রেসে পাঠানোর খবরটি প্রথম প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

পড়ুন: রংপুরে চারজন হত্যা: আসামিদের ইয়াবা সেবনের তথ্য দিয়ে জবানবন্দি বন্ধুর

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন