ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় বাইপাস সড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী সেনা সদস্য সোহেল কাজী যশোর সিএমইএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনা যাত্রীবাহী বাসটি আটক করেছে পুলিশ।
আজ বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। আহত সেনাসদস্য কে যশোর সিএমএইচে নেয়ার পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত সেনাসদস্য সোহেল কাজী ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি নড়াইলের লোহাগড়া থানার লক্ষীপাশা গ্রামের বাসিন্দা। সোহেল কাজী চট্টগ্রামে সেনাবাহিনীর বি এম এ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, সকালে নড়াইল থেকে মোটরসাইকেল যোগে স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি কে নিয়ে শৈলকুপার বড়দাহ এলাকায় শশুর বাড়ি যাচ্ছিলেন সোহেল কাজী। পথিমধ্যে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে ছিটকে পড়ে। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী তুলি নিহত হন। এ সময় আহত সোহেল কাজী কে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। আহতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে তাকে যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে তিনি মারা যান।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত সেনা সদস্য সোহেল কাজী দুপুরে যশোরের সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকলে মোবারকগঞ্জ স্টেশনের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় রেলস্টেশন কর্তৃপক্ষ জানায়, সকাল ১০:৪০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধ। রাস্তা পারাপারের সময় তিনি ট্রেনে কাটা পড়েন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকৃত মৃত ঘোষণা করেন। দুপুর পর্যন্ত তার নাম বা পরিচয় পাওয়া যায়নি।
পড়ুন: বাজার থেকে বম্বে সুইটসের নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
আর/


