বিজ্ঞাপন

অটোবাইকে চেম্বার বানিয়ে ফেনসিডিল পাচার: দুর্গাপুরে গ্রেপ্তার ১

নেত্রকোনার দুর্গাপুরে অটোবাইকে বিশেষ চেম্বার তৈরি করে অভিনব কায়দায় মাদক পাচারের সময় ৪৮০ বোতল ফেনসিডিলসহ হৃদয় (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।

বিজ্ঞাপন

বুধবার (২৬ আগস্ট) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।

জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঝাঞ্জাইল নাইট চেকপোস্ট ডিউটি শেষে থানায় ফিরছিল। পথে নোয়াপাড়া এলাকার শিমুলতলী নামক স্থানে পৌঁছালে এক যুবককে অটোবাইক নিয়ে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখেন তারা।

পুলিশের গাড়ি থামা মাত্রই ওই যুবক পালানোর চেষ্টা করে। এ সময় উপ-পরিদর্শক (এসআই) মো. মহিবুর রহমান সঙ্গীয় ফোর্স (কনস্টেবল মো. আলমগীর হোসেন ও মো. আব্দুল মোতালেব)-এর সহায়তায় তাকে ধাওয়া করে আটক করেন।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত যুবকের অটোবাইকটি তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ির বিভিন্ন স্থানে লুক্কায়িত বিশেষ চেম্বার থেকে ৪৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, উদ্ধারকৃত ফেন্সিডিলের প্রতিটির আনুমানিক মূল্য চার হাজার টাকা হিসেবে ১৯ লাখ ২০ হাজার টাকা। এ সময় পাচারকাজে ব্যবহৃত অটোবাইকটিও জব্দ করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারি হৃদয় দুর্গাপুর উপজেলার মার্কাসমোড় এলাকার আবুল মিয়া ও রুমেলা খাতুন দম্পতির ছেলে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদক তিনটি বস্তায় ভরে জব্দ তালিকামূলে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন:সিরাজগঞ্জে মিলাদুন্নবী (সা.) উদযাপন, জশনে জুলুসে নবীপ্রেমীদের ঢল

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন