ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় শহরের ‘হলিল্যাব হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর দীর্ঘদিনের নিরাপত্তাকর্মী আলী আহমেদ (৫০) নিহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের গজারিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলী আহমেদ সদরের দক্ষিণ জাংগাল গ্রামের মৃত মাফিল উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজ বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় ব্রাহ্মণবাড়িয়া শহরে আসার উদ্দেশ্যে রওনা হন আলী আহমেদ। অটোরিকশাটি গাজারিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বেপরোয়া গতির সিএনজি সেটিকে তীব্র ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত কুমারশীল মোড় সংলগ্ন হলিল্যাব হাসপাতালে সুনামের সাথে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। অত্যন্ত নম্র ও নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাযি মানুষ হিসেবে কর্মস্থল ও নিজ এলাকায় তার বিশেষ পরিচিতি ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর মারা গেছেন। নিহত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মানবিক দৃষ্টিকোণ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এদিকে আলী আহমেদের আকস্মিক মৃত্যুর খবরে কুমারশীল মোড়সহ আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পড়ুন:সিরাজগঞ্জে মিলাদুন্নবী (সা.) উদযাপন, জশনে জুলুসে নবীপ্রেমীদের ঢল
ইমি/


