মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাকালুকি হাওর সংলগ্ন ফানাই নদীর উন্মুক্ত স্থানে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে মাছ ধরার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় নদীতে স্থাপিত বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ভুকশিমইল নবাবগঞ্জ বাজার ও বাজারসংলগ্ন মসজিদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস। এ সময় সহযোগী হিসেবে কুলাউড়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত মসজিদ কমিটির মাধ্যমে কয়েকজন জেলেকে ফানাই নদীর উন্মুক্ত অংশে মাছ ধরার অনুমতি দেওয়া হয়েছে। এ নিয়ে ৪ লাখ ৫ হাজার টাকা লেনদেনের অভিযোগও ওঠে।
অভিযানের সময় মসজিদ কমিটির সদস্যদের ডেকে বিষয়টি জানতে চাইলে তারা ৩০ হাজার টাকার বিনিময়ে মাছ ধরার অনুমতি দেওয়ার কথা জানান। তবে ঘটনাস্থলে থাকা জেলেরা দাবি করেন, তারা ৪ লাখ ৫ হাজার টাকার বিনিময়ে মাছ উত্তোলনের অনুমতি নিয়েছেন। ফলে মাছ ধরার অনুমতি ও অর্থ লেনদেন নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা দেখা দেয়।
অভিযান পরিচালনাকারী কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস বলেন, “উন্মুক্ত জলমহাল ও নদীতে কোনো ধরনের বাঁধ বা অবৈধ স্থাপনা নির্মাণ করে মাছ ধরার সুযোগ নেই। এ ধরনের অবৈধ স্থাপনা অপসারণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
প্রশাসন সূত্রে জানা যায়, উন্মুক্ত জলমহাল ও নদীতে বাঁধ স্থাপন করে মাছ ধরার কারণে পরিবেশ ও জলজ সম্পদের ওপর বিরূপ প্রভাব পড়ে। এ কারণে অবৈধভাবে স্থাপিত বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, মাছ ধরার অনুমতি ও অর্থ লেনদেনের বিষয়ে যে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে, তা যথাযথভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা প্রয়োজন।
পড়ুন : বিএনপি নেতার বিরুদ্ধে ভাগনিকে ধর্ষণের অভিযোগ, কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা


