রাজধানীর উত্তরায় প্রকাশ্য দিবালোকে পিস্তল ঠেকিয়ে ২ লাখ ১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ সড়কে ডেলিসিয়াস কফি শপের সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার নাদিম আহমেদ সুজন একটি ডেভেলপার প্রতিষ্ঠানের সহকারী হিসাবরক্ষক। তিনি উত্তরা ১১ নম্বর সেক্টরের অফিস থেকে রিকশায় করে রাজউকের ফি জমা দেওয়ার জন্য উত্তরা ৬ নম্বর সেক্টরের জনতা ব্যাংকের উদ্দেশে যাচ্ছিলেন।
নাদিমের ভাষ্য অনুযায়ী, ডেলিসিয়াস কফি শপের সামনে পৌঁছালে এক ব্যক্তি রিকশা থামানোর জন্য সংকেত দেন। রিকশা থামানোর পর আরও তিনজন সেখানে আসে। এ সময় তাঁদের একজন নাদিমের দিকে পিস্তল তাক করে নিজেকে ‘পিস্তল বাবু’ নামে পরিচয় দেন। পরে তাঁর কাছে থাকা ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
নূর নাফি ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনির হোসেন বলেন, ‘‘অফিস থেকে টাকা নিয়ে রাজউকের ফি জমা দিতে যাওয়ার পথে সুজন ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।’’
এদিকে ঘটনার খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
পড়ুন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন


