সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর বাদে প্রতিদিন বিকেল ৩টায় বসবে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। আগামী ১০ সেপ্টেম্বর এ অধিবেশন শেষ হবে। তবে প্রয়োজন অনুযায়ী অধিবেশনের সময় ও কার্যদিবসে পরিবর্তন আনতে পারবেন স্পিকার।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধীদলের উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অংশ নেন।
স্পিকারের বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সম্পন্ন করতে সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আগামী এক বছরে সম্ভাব্য অধিবেশনগুলোর দিন ও সম্ভাব্য সময়কাল নিয়েও আলোচনা হয়েছে।
অধিবেশনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ২ হাজার ৬৭৬টিসহ মোট ২ হাজার ৮১৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের নোটিশ এসেছে ৮১টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৪৯টি নোটিশ পাওয়া গেছে।
পড়ুন: নেপালে বন্যা: কাদা থেকে একের পর এক মরদেহ উদ্ধার
আর/


