শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ১০ বছরের শিশু ফারিয়া আক্তার হাবিবার লাশ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে সখিপুরের মাধু সরকারের কান্দি ৫ নম্বর ওয়ার্ডের মানিক সরকারের বড় ব্রিজের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ফারিয়া গোসাইরহাট উপজেলার বালুচর এলাকার কাশেম আখনের মেয়ে এবং বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। গত বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে নানাবাড়িতে বেড়াতে এসে আরও দুই শিশুর সঙ্গে স্থানীয় পদ্মার শাখা নদীতে গোসল করতে যায় সে। একপর্যায়ে তিন শিশু পানিতে ডুবে গেলে স্থানীয়রা দুজনকে উদ্ধার করতে সক্ষম হলেও ফারিয়াকে খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তল্লাশি শুরু করে। পরে মাদারীপুর থেকে ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। নদীতে স্রোত ও পানির গভীরতার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়। দীর্ঘ তল্লাশির পর শুক্রবার বিকেলে ফারিয়ার লাশ উদ্ধার করা হয়।
ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমির হোসেন জানান, নিখোঁজের পর থেকেই নদীতে তল্লাশি চালানো হয়। পরে দীর্ঘ সময়ের প্রচেষ্টায় শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।
ফারিয়ার বাবা কাশেম আখন বলেন, “আমার মেয়েকে বালুচরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।”
লাশ উদ্ধারের পর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পড়ুন : দুই বছর পর পাথরঘাটায় নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি


