আদালতের রায় লেখার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার (২৯ আগস্ট) এশিয়াটিক সোসাইটি ফর বাংলাদেশের এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, মামলার বিষয়, আইন ও ধারা, তথ্য-উপাত্ত এবং বিচারকের বিবেক কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিচার করা সম্ভব নয়। তাই বিচারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এআই ব্যবহারে সতর্ক থাকতে হবে।
বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেন, বাংলাদেশে এআই ব্যবহারে একটি আইনগত কাঠামো থাকা প্রয়োজন। এআই দিয়ে রায় লেখা অনুচিত কাজ। এতে রায়ের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হতে পারে। এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার যাতে ক্ষুণ্ন না হয় এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
এআই ব্যবহারে অবকাঠামোর পাশাপাশি প্রশিক্ষণ ও দক্ষতাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করেন প্রধান বিচারপতি। যাচাই-বাছাই ছাড়া এআইয়ের তথ্য ব্যবহার ঝুঁকিপূর্ণ বলেও সতর্ক করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশ্যে এআই ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে নানান পরামর্শ দেন প্রধান বিচারপতি।
পড়ুন: গুম-খুনের শিকার পরিবারের সদস্যের চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
আর/


