পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে যশোরের ঝিকরগাছায় ইনকিলাব এ মাহদী মিশনের উদ্যোগে আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ঝিকরগাছা উপজেলার বেজিয়াতলা ইউনিট এর আয়োজনে আলোচনা সভা ইনকিলাব এ মাহদী মিশনের পরিচালক ও দানবীর হাজী মুহম্মদ মহসিন ইমাম বাড়ি কার্যকরী সমন্বয় পরিষদের সম্পাদক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মূড়লী ইমাম বাড়ির পেশ ইমাম ইকবাল হুসাইন, ইমামবাড়ি কার্যকরী কমিটির সভাপতি এহতেশাম উল আলম প্রতীক, উপদেষ্টা আতাহার হুসাইন, শার্শা ইমাম বাড়ির পেশ ইমাম আব্দুল করিম, শার্শা শিয়া মসজিদ কমিটির সম্পাদক রেজাউল ইসলাম, স্বরূপদা শিয়া মসজিদ কমিটির দায়িত্বশীল খায়রুল ইসলাম, জাগ্রত ঝিকরগাছার পরিচালক মাহাবুব শাহরিয়ার এবং বেজিয়াতলার মোবাল্লিগ আয়ুব হোসেন।
অনুষ্ঠানে ইনকিলাব এ মাহদী মিশনের পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, পৃথিবীতে মানব জীবনে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে প্রচলিত ধোঁকাবাজির ব্যবস্থা থেকে বেরিয়ে এসে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে। তাঁর মতে, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত মানুষের অধিকার এবং বিভিন্ন সমস্যার সমাধানের পথ মহানবী (সা.), পবিত্র আল-কোরআন ও তাঁর জীবনাদর্শে তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, যুগে যুগে জালিম শাসক, তাদের সহযোগী এবং ধর্মীয় পণ্ডিতদের একটি অংশের কারণে মানুষ শোষণ ও বঞ্চনার শিকার হয়েছে। ধর্ম, ভাষা, সংস্কৃতি ও অধিকারের নামে বিভাজন এবং যুদ্ধের মাধ্যমে বিশ্বের মানুষকে বিভিন্নভাবে গোলামির শিকলে আবদ্ধ করে রাখা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সিরাজুল ইসলাম বলেন, এই গোলামির জীবন থেকে মুক্তি পেতে হলে পবিত্র আল-কোরআনের অনুসরণ, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ এবং তাঁর পবিত্র আহলে বাইতের জীবনধারা অনুসরণের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও বলেন, পবিত্র আল-কোরআন ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মধ্যেই মানবজাতির কল্যাণ ও মুক্তি নিহিত রয়েছে।
আলোচনা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পড়ুন : এপিএম টার্মিনালসের ৭৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে চেম্বারের স্বাগত


