সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত ও ক্ষতিগ্রস্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক সরেজমিনে পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব এবং সাবেক জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।
রোববার (৩০ আগস্ট) দুপুরে তিনি পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর, ছয়হিস্যা, জৈনপুর ও কান্দারগাঁও এলাকার বিভিন্ন সংযোগ সড়ক ঘুরে দেখেন। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়া এসব সড়কের বর্তমান পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি দ্রুত সংস্কার ও টেকসই উন্নয়নের বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি।
পরিদর্শনকালে খাইরুল ইসলাম সজিব সড়কগুলোর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ভুক্তভোগী এলাকাবাসীর কাছ থেকে তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগ ও সমস্যার কথা শোনেন। এ সময় স্থানীয় বাসিন্দারা সড়কগুলোর বেহাল দশা তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানান।
খাইরুল ইসলাম সজিব বলেন, “এলাকার মানুষের যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা সহজ করাই আমাদের মূল লক্ষ্য। জনদুর্ভোগ কমাতে আষাঢ়িয়াচর, ছয়হিস্যা, জৈনপুর ও কান্দারগাঁও এলাকার সড়কগুলোর সংস্কারকাজ দ্রুততম সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।”
তিনি বলেন, দীর্ঘদিন ধরে সড়কগুলোর বেহাল অবস্থার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী এবং অসুস্থ রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, এসব জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
খাইরুল ইসলাম সজিব আরও বলেন, “নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সবসময় গণমানুষের সেবাকে অগ্রাধিকার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় পিরোজপুর ইউনিয়নের অবহেলিত সড়কগুলোর টেকসই ও মানসম্মত সংস্কারকাজ দ্রুত বাস্তবায়ন করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমরা কোনো লোকদেখানো কিংবা নিম্নমানের কাজ বরদাশত করব না। কাজের গুণগত মান নিশ্চিত করে এলাকার মানুষ যাতে দীর্ঘমেয়াদি সুফল পান, সে বিষয়ে কঠোর তদারকি করা হবে।”
পিরোজপুর ইউনিয়নের অবহেলিত এলাকাগুলোকে উন্নত ও টেকসই যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, জনগণের ভোগান্তি দূর না হওয়া পর্যন্ত মাঠে থেকে তাঁদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
পরিদর্শনের সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পড়ুন:ভূজপুর পাবলিক হাই স্কুলের সভাপতি হলেন মাওলানা নিজাম উদ্দীন
ইমি/


