নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ হয়েছে। চার হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০৩ এবং এখনো ৪ হাজার ৪৬২ জন নিখোঁজ রয়েছেন।
প্রায় ২০ হাজার নিরাপত্তাকর্মীর তৎপরতায় এ পর্যন্ত ১০ হাজার ৪৫১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
অন্যদিকে চীনের তিব্বত অংশে ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, এখনো ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন, যার প্রায় অর্ধেকই বিদেশি নাগরিক।
চীনের গিরং বন্দর সীমান্ত এলাকায় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, পানির প্রবল তোড়ে বহুতল ভবনগুলো সম্পূর্ণ ভেসে গেছে। কোনো অবকাঠামোর চিহ্ন পর্যন্ত অবশিষ্ট নেই। তিব্বতের শিগাৎসে অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে নতুন করে কোনো জীবিত ব্যক্তির সন্ধান মিলছে না।
নেপাল কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রিশূলি নদীর অববাহিকায় ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পগুলোর ভূগর্ভস্থ সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধার করাই এখন তাদের প্রধান অগ্রাধিকার। বন্যায় ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হওয়া ২৭টি জলবিদ্যুৎ কেন্দ্রের প্রায় ৯০০ কর্মী এখনো নিখোঁজ রয়েছেন।
নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচ মন্ত্রণালয় জানিয়েছে, ত্রিশূলি-৩এ এবং ৩বি প্রকল্পের সুড়ঙ্গে ভারী যন্ত্রপাতি দিয়ে কেটে ভেতরে প্রবেশের মতো গর্ত তৈরি করা হয়েছে। তবে ত্রিশূলি-৩এ কেন্দ্রের সুড়ঙ্গে প্রায় ১০০ শ্রমিক আটকা পড়েছেন বলে ধারণা করা হলেও ভেতর থেকে এখনো কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।
উদ্ধার অভিযানের ষষ্ঠ দিনে চীন-নেপাল উভয় সীমান্তেই নতুন করে ভূমিধস ও আকস্মিক বন্যার মারাত্মক ঝুঁকি দেখা দিয়েছে। চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জিরং বন্দর এলাকার আশপাশে আটটি স্থানকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ ভূতাত্ত্বিক দুর্যোগ কেন্দ্র’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে ড্রোন পর্যবেক্ষণ ও নিয়মিত টহল শুরু হয়েছে।
নেপালে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৩০ দেশের ৫৮৩ জন বিদেশি আছেন। তিব্বতে নিখোঁজ মানুষের মধ্যে ২৩ দেশের ২৬১ জন বিদেশি নাগরিক আছেন। নিখোঁজ বিদেশিদের অনেকেই ভারতের নাগরিক।
নয়াদিল্লি জানিয়েছে, ভারতের ২৭৫ জন নাগরিক ও আরও ১২৮ জন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি নিখোঁজ আছেন।
রোববার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তাদের দেশের ৮৫ জন নাগরিক নিখোঁজ আছেন। পাশাপাশি ইউক্রেনের ৬২, মালয়েশিয়ার ৫১, অস্ট্রেলিয়ার ৪২ ও যুক্তরাজ্যের ৩৩ জন নিখোঁজ আছেন
পড়ুন : স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা


