বিএনপি সরকারকে অস্থির করে তুলতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান।
মুশফিকুর রহমান বলেন, ‘বর্ডারে কেন মাদকের কারখানা হবে? এর পেছনে কারণ কী? বিএনপি সরকারকে অস্থির করার জন্য অপচেষ্টা চলছে। বিএনপি সরকার যে পরিকল্পনা করেছে, তা যেন বাস্তবায়ন না হয়—সে জন্যই এই অপচেষ্টা।’
তিনি নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তাধারা ও পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করতে হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হোসেন খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি বাহার মিয়া ও সাবেক উপজেলা মহিলা দলের সভানেত্রী জান্নাত পারভীন স্মৃতি।
মুশফিকুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির আজ প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনে বিএনপির অঙ্গীকার হচ্ছে—দলের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করা এবং দেশকে দুর্নীতিমুক্ত করা।
সমাবেশ শেষে মুশফিকুর রহমানের নেতৃত্বে রেলওয়ে স্টেশন এলাকা থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি পৌরশহরের সড়কবাজারের হায়দার আলী কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।
পড়ুন : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো
সা/


