পাবনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৯ ফুট উচ্চতার একটি তাজা গাঁজা গাছসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক অন্য অভিযানে ৫ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ডিএনসি সূত্র জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) পাবনা জেলা কার্যালয়ের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মজিদপুর মধ্যপাড়া গ্রামে অভিযান চালানো হয়। ডিএনসির উপ-পরিদর্শক সোহানের নেতৃত্বে একটি টিম দেওয়ান ইন্তাজ আলী (৪৮) নামে এক ব্যক্তির নিজ দখলীয় বসতবাড়িতে অভিযান চালিয়ে নিজ হাতে রোপণ করা ৯ ফুট উঁচু একটি জীবিত গাঁজা গাছ জব্দ করে। গ্রেপ্তারকৃত ইন্তাজ আলী ওই গ্রামের মৃত দেওয়ান খোরশেদ আলীর ছেলে। এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক সোহান বাদী হয়ে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
অন্যদিকে, পাবনা জেলা প্রশাসন ও ডিএনসির যৌথ উদ্যোগে জেলার বিভিন্ন স্পটে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পাবনা সদর উপজেলার লস্করপুর এবং ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ও দাশুড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে আটককৃত ৫ মাদকসেবী হলেন— সেতু (৪০) পিতা- মৃত সাগর, সাং- গোবিন্দা, পাবনা সদর।
হালিম (৫০) পিতা- মৃত আফসার, সাং- তেলকুপি, থানা- আতাইকুলা।
আব্দুল রাজ্জাক (৩৯) পিতা- মৃত বিল্লাল হোসেন, সাং- মুলাডুলি, ঈশ্বরদী।
হানিফ (২১), পিতা- কালু প্রামানিক, সাং- মালিথাপাড়া, ঈশ্বরদী। শহীদুল ইসলাম রুবেল (৪৪) পিতা- আব্দুল মালেক মালিথা, সাং- দাশুড়িয়া, ঈশ্বরদী।
ডিএনসি পাবনার পরিদর্শক মোঃ আব্দুর রহিম, উপ-পরিদর্শক সোহান, উপ-পরিদর্শক মোঃ জামালুর রহমান এবং উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করলে বিচারক তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম দিনেই ৬ জন মাদক অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।
পড়ুন:হরিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ইমি/


