মাদক কারবারি ও তাদের সহযোগীদের দৌরাত্ম্য, এলাকাবাসীকে হুমকি এবং মাদকবিরোধী কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগের প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার কেশবপুরে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে এলাকায় মাদকের বিস্তার বন্ধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বক্তারা বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে স্থানীয়রা একটি মাদকবিরোধী প্রতিরোধ কমিটি গঠন করেছেন। কিছুদিন আগে এলাকায় মাদকবিরোধী সমাবেশও অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
বক্তাদের অভিযোগ, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পর থেকে কমিটির সদস্য ও স্থানীয় কয়েকজনকে বিভিন্নভাবে হুমকি এবং মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
এদিকে, মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, জোছনা আক্তার নামে এক নারী বাদী হয়ে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ একটি মামলা দায়ের করেছেন। মামলায় মাদক নির্মূল কমিটির ছয়জন সদস্যের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করা হয়েছে বলে জানান তারা।
বক্তারা দাবি করেন, মাদকবিরোধী কার্যক্রমে যুক্ত থাকার কারণে স্থানীয়দের বিরুদ্ধে এ ধরনের মামলা করা হয়েছে। তারা মামলাটিকে ‘হয়রানিমূলক’ ও ‘মিথ্যা মামলা’ হিসেবে উল্লেখ করে বিষয়টি তদন্তের দাবি জানান।
তারা বলেন, মাদকের কারণে তরুণ সমাজসহ বিভিন্ন বয়সী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধন থেকে মাদকবিরোধী কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত, মামলা দিয়ে হয়রানির অভিযোগ তদন্ত এবং এলাকায় মাদকের বিস্তার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মো. আলমগীর সর্দার, মো. হোসেনুজ্জামান, মো. নুরুলহুদা, সুজন, আহসান হাবীবসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
পড়ুন : চাটমোহরে ৭ প্রতিষ্ঠানকে ১ লাখ ৭২ হাজার টাকা জরিমানা


