যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে নেত্রকোনায় আয়োজিত হতে যাচ্ছে ‘জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। এ টুর্নামেন্ট উপলক্ষে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং ও লোগো উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদ্দুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বিস্তারিত তুলে ধরেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত জাতি গঠনের যে লক্ষ্য, তার অন্যতম ভিত্তি হলো সংস্কৃতি ও ক্রীড়া। পজিটিভ বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় জেলা পর্যায়ে ঐতিহ্যগতভাবেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।”
নেত্রকোনাকে ময়মনসিংহ বিভাগের ‘ফুটবলের পাওয়ার হাউস’ হিসেবে আখ্যায়িত করে তিনি আরও বলেন, “আমাদের প্রত্যেকের আলাদা উপজেলা থাকলেও দিনশেষে আমরা নেত্রকোনাবাসী। দিনশেষে নেত্রকোনাই জিতবে- এই স্পিরিট নিয়ে আমাদের মাঠে নামতে হবে এবং খেলা উপভোগ করতে হবে।” অতীতের ভুল-ত্রুটি এড়িয়ে এবার বর্ণিল, গঠনমূলক এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতির কথা জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদ্দুজ্জামান। তিনি জানান, আগামী ৪ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৩টায় নেত্রকোনা পৌরশহরে মোক্তাপাড়া মাঠে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। জেলার ১০টি উপজেলা এতে অংশ নিচ্ছে। লটারির মাধ্যমে উপজেলাগুলোকে জেলার দুটি ঐতিহ্যবাহী নদীর নামে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। ‘ক’ গ্রুপ (সোমেশ্বরী): সদর, মোহনগঞ্জ, দুর্গাপুর, বারহাট্টা ও পূর্বধলা। এবং ‘খ গ্রুপ (মগরা): কেন্দুয়া, কলমাকান্দা, খালিয়াজুরী, আটপাড়া ও মদন।
নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হেদায়তুল্লাহ রুমিন বলেন, “সারা বাংলাদেশের মধ্যে নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থাই প্রথম এই বছর জেলা প্রশাসক গোল্ডকাপ শুরু করতে যাচ্ছে, যা আমাদের জন্য বড় বার্তা ও গর্বের বিষয়।” টুর্নামেন্টের অর্থায়ন প্রসঙ্গে তিনি জানান, আগে বেশিরভাগ অর্থায়ন জেলা প্রশাসক করলেও এবার খেলা পরিচালনার জন্য স্পন্সর আহ্বান করা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান ও ক্রীড়া সংস্থাগুলোর সহযোগিতায় সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে।
প্রেস ব্রিফিং ও লোগো উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিজা খাতুন, জেলা তথ্য অফিসের উপপরিচালক আল ফয়সাল, জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার, জেলা আইসিটি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু। এছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের আয়োজিত এই টুর্নামেন্ট স্থানীয় ফুটবলের উন্নয়নে এবং জেলার মানুষের মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
পড়ুন : চাঁদা না দেওয়ায় প্রকৌশলীকে মারধরের অভিযোগ, ৪ কর্মচারীর বিরুদ্ধে


