ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে আসাদুজ্জামান ওয়াসিম (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ওয়াসিম আইড়ল গ্রামের রতন ডাক্তারের ছেলে।
আখাউড়া থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াসিম নবীকে নিয়ে কটূক্তি করেছেন—এমন অভিযোগ ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন কর্ণেল বাজারে আবু তাহেরের দোকান থেকে ওয়াসিমকে আটক করেন।
খবর পেয়ে আখাউড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে ওই যুবককে আটক করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : গাড়ি ভাড়া নিয়ে মালিক সেজে করে দিলেন বিক্রি


