সিরাজগঞ্জ সদর উপজেলার চণ্ডীদাসগাঁতী বাজার এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাদিয়া ইসলাম (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় সিএনজিতে থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চণ্ডীদাসগাঁতী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাদিয়া ইসলাম হাটিকুমরুল গ্রামের বাবুল আক্তারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চারজন যাত্রী নিয়ে হাটিকুমরুল থেকে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। পথে চণ্ডীদাসগাঁতী বাজার এলাকায় পৌঁছালে সিএনজিটির অ্যাক্সেল ভেঙে যায়। এতে অটোরিকশাটি ডান দিকে কাত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং চার যাত্রী আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাদিয়া ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সিএনজিচালক নজরুলকেও পাওয়া যায়নি বলে জানা গেছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল হাসান বলেন, চণ্ডীদাসগাঁতী বাজারে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
এদিকে, আইনি প্রক্রিয়া শেষে নিহত নাদিয়া ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরে মরদেহ গ্রামের বাড়ি হাটিকুমরুলে নেওয়া হবে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
পড়ুন : জুলাই-আগস্টে রেমিট্যান্স এসেছে প্রায় ৬ বিলিয়ন ডলার, বেড়েছে ১৯%
সা/


