মেহেরপুরের গাংনীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আগে তিনটি টাইম বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গাংনী বাজারের হারুন মার্কেটের সামনে হাসানের চায়ের দোকানের পাশে দুটি এবং বাঁশবাড়িয়া আনসার-ভিডিপি ক্লাবের ওপরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে গাংনী বাজার এলাকায় হঠাৎ বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে বিস্ফোরণের চিহ্নের পাশাপাশি ইলেকট্রনিক সার্কিটের অংশ, ব্যাটারি ও বোমাসদৃশ কয়েকটি বস্তু পড়ে থাকতে দেখা যায়।
গাংনী বাজারের বিস্ফোরণস্থল থেকে প্রায় ৫০ গজ দূরেই রয়েছে গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়। একই সময়ে বাঁশবাড়িয়া এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি থাকায় কয়েকজন নেতাকর্মীকে নিয়ে বিএনপি কার্যালয়ের কাছাকাছি একটি চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে ছিলেন তারা। এ সময় হঠাৎ বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।
গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বানচাল করার উদ্দেশ্যে কেউ এসব বোমা রেখে থাকতে পারে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
স্থানীয়দের ধারণা, বিস্ফোরণের স্থানটির একটি গাছের মধ্যে বোমা রাখা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের আলামত ও ইলেকট্রনিক সার্কিটের অংশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।
গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল কুমার দাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিস্ফোরিত আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির কয়েক ঘণ্টা আগে গুরুত্বপূর্ণ এলাকায় পরপর বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
পড়ুন : ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সা/


