কবিরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

0
11
বিজ্ঞাপন

নোয়াখালীর কবিরহাটে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকে এক লাখ টাকা নেওয়ার পর আত্মসাতের অভিযোগ উঠেছে বাটইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিমের বিরুদ্ধে। টাকা ফেরত চাইতে গেলে ভুক্তভোগীকে গালিগালাজ ও ভয়ভীতি দেখানোরও অভিযোগ করেছেন ওই নারী।

রোববার সন্ধ্যায় কবিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্ত বিএনপি নেতার বিচার দাবি করেন ভুক্তভোগী মারজাহান বেগম।

ভুক্তভোগী মারজাহান বেগমের অভিযোগ, কবিরহাটের ভূঁইয়ারহাট বাজারের স্কুল রোডে তার একটি ভবন নিয়ে আইনি ও স্থানীয় জটিলতা তৈরি হয়। বিষয়টি জানতে পেরে তার সহপাঠী আবদুল কাদের জসিম নিজের প্রভাব খাটিয়ে সমস্যাটি সমাধানের আশ্বাস দেন। এ জন্য তার কাছ থেকে নগদ এক লাখ টাকা নেন জসিম।

মারজাহানের দাবি, টাকা নেওয়ার পর থেকেই জসিম তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং মোবাইল ফোনও বন্ধ রাখেন। পরবর্তীতে সমস্যার সমাধানের আশায় তিনি একাধিকবার ভূঁইয়ারহাট বাজারে গিয়ে জসিমের খোঁজ করেও তাকে পাননি। দীর্ঘদিন অপেক্ষার পর শেষ পর্যন্ত আদালতের মাধ্যমে নিজের ভবনের আইনি জটিলতার সমাধান করেন তিনি।

ভুক্তভোগীর আরও অভিযোগ, গত ০২ সেপ্টেম্বর জসিমের সন্ধান পেয়ে পাওনা এক লাখ টাকা ফেরত চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে কবিরহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মারজাহান বেগম।

মারজাহান বেগম আরও দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আবদুল কাদের জসিম অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে মারজাহান বেগমের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেওয়া এক লাখ টাকা উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে আবদুল কাদের জসিমের মুঠোফোনে একাধিকবার কল করা হলে সংযোগ পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ তদন্ত শেষে ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন: শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী: ব্যাগেজ হ্যাণ্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ

ইমি/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.