ফটিকছড়িতে গৃহবধূ সামিয়া হাকিম নেহার মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী মারুফ পারভেজসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এলাকাবাসী ও শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সামিয়া হাকিম নেহার মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। একই সঙ্গে তদন্তে কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাঁকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
বক্তারা আরও বলেন, নেহার মৃত্যুর ঘটনায় কোনো ধরনের প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার না করে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। তাঁর স্বামী মারুফ পারভেজসহ যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে, তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
এ সময় দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া এবং মারুফ পারভেজকে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান রফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফটিকছড়ি স্কয়ার হাসপাতালের মহাব্যবস্থাপক মহিন উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট নজরুল ইসলাম, শিক্ষক মোহাম্মদ আলী, মোহাম্মদ রফিক চৌধুরী, সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ চৌধুরী, আহমদুল হক, বিএনপি নেতা নজরুল ইসলাম, ব্যবসায়ী কাশেম সওদাগর, ছাত্রনেতা রকিব, নিহতের ভাই মুহাম্মদ পারভেজ উদ্দিন ও উমর ফারুক লাভলুসহ অনেকে।
পড়ুন:গণতন্ত্র রক্ষায় সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি
ইমি/


