পিরোজপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিষয়ে মনিটরিং সভা এবং বৃক্ষরোপণ সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে পৃথকভাবে অনুষ্ঠিত সভাগুলোতে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভায় ভোক্তাদের অধিকার সংরক্ষণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য ও মান নিয়ন্ত্রণ, ভেজাল প্রতিরোধ, মূল্য তালিকা প্রদর্শন এবং নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় বাজারে পণ্যের মূল্য ও মান নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত তদারকি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
অন্যদিকে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিষয়ে মনিটরিং সভায় আইন অনুযায়ী পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করা, সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান ও মিল-কারখানায় তদারকি জোরদার এবং অনিয়মের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। পরিবেশ সুরক্ষা এবং পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বৃক্ষরোপণ সংক্রান্ত জেলা কমিটির সভায় জেলার বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ, রোপিত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ, সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম সম্প্রসারণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
সভাগুলোতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, কমিটির সদস্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি সংশ্লিষ্ট কার্যক্রমে আন্তঃদপ্তর সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
পড়ুন : ইতালিতে বাঁধনের ওপর হামলা: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার


