রাজধানীর শাহবাগে অবস্থিত বারডেম হাসপাতালের ১৬ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিন মিয়া।
নিহত দিপু সুলতান রাসেল রাজধানীর গেন্ডারিয়ার টিএস পোস্ট অফিস এলাকার বাসিন্দা ইমাম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল হাসপাতালের রোগী বা স্টাফ ছিলেন না। মঙ্গলবার সন্ধ্যায় তিনি ভবনের সিঁড়ি দিয়ে ১৬ তলার ছাদে উঠে যান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে পরপর কয়েকটি সিগারেট শেষ করার পর হঠাৎ তিনি নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
রমনা থানার পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে নিহত ব্যক্তি বেকার ও মাদকাসক্ত ছিলেন। পূর্বে তিনি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন থাকলেও আসক্তির কারণে কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ ঘটে। তার ১১ বছরের একটি সন্তান রয়েছে।
পারিবারিক কলহ ও স্ত্রী বিচ্ছেদের জেরে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশের তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
পড়ুন : জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী


