নেত্রকোনার পূর্বধলা থানা এলাকায় রাত্রিকালীন চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২০ বোতল ভারতীয় মদসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-পশ্চিম)। এসময় তাদের কাছ থেকে ভারতীয় ‘রয়েল স্ট্যাগ’ ও ‘আইস ভদকা’ ব্র্যান্ডের মদ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোনার কলমাকান্দা থানাধীন লেংগুড়া ইউনিয়নের চৈতানগর গ্রামের রবিউল আউয়াল (২১) এবং মাসুম ওরফে মাহিন (২২)।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নেত্রকোনা জেলা পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে নেত্রকোনা জেলার পূর্বধলা থানাধীন এলাকায় ডিবি (পশ্চিম) এর একটি দল রাত্রিকালীন চেকপোস্ট ডিউটি করছিল। এসআই শওকত আলীর নেতৃত্বে ডিবি পুলিশের ওই দলটি চেকপোস্টে গাড়ি তল্লাশি করার সময় লেংগুড়া ইউনিয়ন থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘ইউনাইটেড ট্রাভেলস’ নামক বাসকে থামার সংকেত দেয়। বাসটি থামার সঙ্গে সঙ্গেই বাসের ভেতর থাকা সন্দেহভাজন ওই দুই যুবক দ্রুত নেমে পালানোর চেষ্টা করেন।
এসময় এসআই শওকত আলী তার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ধাওয়া করে ওই দুই যুবককে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে তাদের সাথে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ভেতরে সযত্নে লুকানো অবস্থায় ৭৫০ মিলি ধারণক্ষমতার বিভিন্ন ব্র্যান্ডের ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দুই যুবক স্বীকার করেছে, তারা বেশি লাভের আশায় সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে রাজধানী ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে নেত্রকোনা গোয়েন্দা পুলিশ (ডিবি-পশ্চিম)-এর ওসি দেবাংশু কুমার দে জানান, মামলা রুজুর পর আসামিদের আজ (বুধবার) আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পড়ুন : কালিয়াকৈরে বজ্রপাতে মাছ শিকারির মৃত্যু, আহত ১


