কুষ্টিয়ার কয়েক ঘন্টার ব্যবধানে মৃত পিতা-পুত্রের দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের কবরস্থানে দাফন করা হয় তাদের।
আজ দুপুরে এতথ্য নিশ্চিত করে আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, গতকাল বুধবার বিকেলে লাল নগর গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন (৮৫) নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। এই মৃত্যুর খবর পাওয়ার পর জসিম উদ্দিনের ছেলে জিকু মাগুরা থেকে তার ভায়রা ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের স্বস্তিপুর এলাকায় একটি বালিবাহী ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান জিকু। এসময় আহত হন তার ভায়রা ভাই আকিদুল ইসলাম। তিনি আরো বলেন, নূরে আলম জিকু মাগুরায় বিয়ে করে সেখানেই বসবাস করতেন।
উল্লেখ্য, বুধবার রাতে কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের স্বস্তিপুর এলাকায় ট্রাক চাপায় নূরে আলম জিকু নামে এক জন নিহত হন। পিতার মৃত্যুর সংবাদে তিনি মাগুরা থেকে তার ভায়রা ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে চেপে কুষ্টিয়ার দৌলতপুরে যাচ্ছিলেন। ঘটনাস্থলে এসে একটি বালিবাহী ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় মোটরসাইকেলে থাকা অন্যজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এর আগে বুধবার বিকেলে সড়ক দুর্ঘটনায় নিহত জিকুর বাবা জসিম উদ্দিন (৮৫) দৌলতপুর উপজেলার লাল নগর গ্রামের নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
পড়ুন : ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু
সা/


