এশিয়ান গেমসে অংশ নিতে বাংলাদেশি কন্টিনজেন্টের মধ্যে সবার আগে জাপান পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
চীনের গুয়াংঝুতে কন্ডিশনিং ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ শেষে শুক্রবার রাত ৩টায় জাপানে পৌঁছান মারিয়া মান্দা, মনিকা চাকমারা।
এশিয়ান গেমস সামনে রেখে চীনে বেশ কয়েকদিনের ক্যাম্প করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেখানে কন্ডিশনিংয়ের পাশাপাশি দুটি অনুশীলন ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতিও ঝালিয়ে নিয়েছেন ফুটবলাররা।
গুয়াংজু ক্যাম্প শেষে এবার জাপানে গেমসের জন্য নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি নেবেন পিটার বাটলারের শিষ্যরা।
এশিয়ান গেমসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসে প্রথমবার অংশ নিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার অবশ্য সাম্প্রতিক সময়ের সাফল্য ও অভিজ্ঞতা নিয়ে আরও ভালো করার প্রত্যাশা রয়েছে দলের।
বাংলাদেশের গ্রুপটিও বেশ কঠিন। ‘এফ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার দুই পরাশক্তি দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া এবং মিয়ানমার। ফলে গ্রুপ পর্বেই বড় পরীক্ষার মুখে পড়তে হবে ঋতুপর্ণা-মারিয়াদের।
১৪ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমসের অভিযান শুরু করবে বাংলাদেশ নারী ফুটবল দল। ওসাকার নাগাই স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
১৭ সেপ্টেম্বর একই ভেন্যুতে একই সময়ে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২১ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে। নাগাই স্টেডিয়ামে এই ম্যাচও শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
বাংলাদেশের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। গ্রুপের সেরা দলগুলো নকআউট পর্বে যাবে। তাই শক্তিশালী দুই কোরিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ের পাশাপাশি মিয়ানমারের বিপক্ষে পয়েন্ট পাওয়াও হবে বাংলাদেশের অন্যতম লক্ষ্য।
জাপানের নাগোয়া ও আইচি শহরে অনুষ্ঠিতব্য এবারের এশিয়ান গেমসে ২২ ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। ডিসিপ্লিনগুলো হচ্ছে— আর্চারি, অ্যাথলেটিকস, বক্সিং, ব্যাডমিন্টন, ক্রিকেট, সাইক্লিং, ফুটবল (নারী), ফেন্সিং, জিমন্যাস্টিকস, গলফ, হকি (পুরুষ ও নারী), জুডো, কাবাডি (পুরুষ ও নারী), কারাতে, শুটিং, সার্ফিং, সুইমিং, টেবিল টেনিস, বিচ ভলিবল, ভারোত্তোলন, কুস্তি ও উশু।
পড়ুন:ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ইমি/


