ফুটবলে লাল-হলুদের পর এবার যুক্ত হলো ‘কালো কার্ড’। তবে এই কার্ড খেলোয়াড়দের দেখানো হবে না। শিশুদের ম্যাচে গ্যালারিতে অশোভন আচরণ করা অভিভাবক ও দর্শকদের নিয়ন্ত্রণে এটি ব্যবহার করবেন রেফারি।
রোমানিয়া ফুটবল ফেডারেশন যুব ফুটবলে এই নতুন নিয়ম চালু করেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) অনুমোদন পাওয়া নিয়মটি অনূর্ধ্ব-৭ থেকে অনূর্ধ্ব-১৬ পর্যন্ত সব যুব প্রতিযোগিতায় কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী, গ্যালারিতে গালাগালি, হুমকি, মারামারি বা অতিরিক্ত চাপ সৃষ্টির মতো আচরণ শুরু হলে প্রথমে ম্যাচ থামিয়ে দেওয়া হবে। দুই দলের কোচ তখন নিজ নিজ দলের অভিভাবক ও দর্শকদের সতর্ক করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবেন।
তাতেও কাজ না হলে ম্যাচ ১০ মিনিটের জন্য স্থগিত থাকবে। এ সময় খেলোয়াড়েরা ড্রেসিংরুমে চলে যাবে এবং কোচেরা আবারও দর্শকদের শান্ত করার চেষ্টা করবেন।
পরিস্থিতি স্বাভাবিক হলে ম্যাচ আবার শুরু হবে। কিন্তু খেলা শুরুর পরও গ্যালারিতে অসদাচরণ চলতে থাকলে রেফারি দেখাবেন ‘কালো কার্ড’। এর অর্থ ম্যাচটি সেখানেই স্থায়ীভাবে শেষ হয়ে যাবে এবং আর পুনরায় শুরু করা যাবে না।
যুব ফুটবলে অভিভাবক ও দর্শকদের আচরণ নিয়ন্ত্রণে রোমানিয়া এর আগেও শাস্তির ব্যবস্থা করেছিল। ২০২৪ সালে অপরাধের ধরন অনুযায়ী ২ হাজার থেকে ৪ হাজার ইউরো জরিমানা এবং এক থেকে তিন বছর পর্যন্ত লাইসেন্স স্থগিতের বিধান করা হয়।
নতুন নিয়মে ম্যাচ শেষ হওয়ার পর শাস্তির পাশাপাশি মাঠেই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হলো রেফারিকে। শিশু খেলোয়াড়দের জন্য নিরাপদ ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।
পড়ুন:অ্যাপে বিভ্রাট সারাতে পরীক্ষিত ৫ কৌশল
ইমি/


