ইয়েমেনের মোখা ও ধুবাব এলাকায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটির সৌদি-সমর্থিত সরকারের বিমানবাহিনী। হামলায় বহু হুতি যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
শনিবার (১২ সেপ্টেম্বর) বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মজিদ আবদুল্লাহ আল-নুজাইলি এ তথ্য জানান।
তিনি বলেন, মোখা বন্দর এবং শহরের জায়েদ আল-খারজ শপিং মলের কাছে চালানো হামলায় হুতিদের বেশ কিছু যানবাহন ও অস্ত্র ধ্বংস করা হয়েছে। এ সময় তাদের অনেক সদস্য নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
আল-নুজাইলি জানান, মোখায় পানি প্রকল্পের প্রশাসন কার্যালয়ের পাশেও কয়েকজন হুতি সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া শহরটি থেকে ১১ কিলোমিটার দূরে মোখা-ধুবাব সড়কের একটি পশু কোয়ারেন্টাইন কেন্দ্রে যানবাহন ও হুতি যোদ্ধাদের জড়ো হওয়ার স্থানেও হামলা চালানো হয়।
মোখার উত্তর পাশের রিং রোডে এক সাবেক সামরিক নেতার কার্যালয় হিসেবে ব্যবহৃত একটি স্থানে জড়ো হওয়া হুতি সদস্যদেরও নির্মূল করা হয়েছে বলে জানান আল-নুজাইলি।
তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।
২০১৪ সালে রাজধানী সানা ও দেশটির বড় একটি অংশ দখলে নেওয়ার পর থেকে সৌদি নেতৃত্বাধীন জোট-সমর্থিত সরকারি বাহিনী এবং ইরান-সমর্থিত হুতিদের মধ্যে প্রায় ১২ বছর ধরে যুদ্ধ চলছে। ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত ছিল।
২০২৩ সালের শেষ দিকে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হলে হুতিরা আঞ্চলিক সংঘাতে আরও জড়িয়ে পড়ে। তারা ইসরায়েল ও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে লড়াই আবারও তীব্র হওয়ায় ইয়েমেনে পূর্ণমাত্রার সংঘাত ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে।
পড়ুন: গুরুত্বপূর্ণ দ্বীপে হুতি যোদ্ধারা, সৌদির তেল পাইপলাইন বন্ধ
আর/


