বিজ্ঞাপন

গানের স্বীকৃতিতে নাম নেই, ক্ষুব্ধ আমাল-আরমান

বিজ্ঞাপন

একটি সুপারহিট গানের পেছনে সুরকার আর গীতিকারের কত ঘাম আর চোখের জল মিশে থাকে, তা হয়তো শ্রোতাদের অজানাই থেকে যায়। কিন্তু সেই সৃজনশীল কাজের যখন কোনো ন্যূনতম স্বীকৃতি মেলে না, তখন ক্ষোভ চেপে রাখা দায়। ঠিক এমনটিই ঘটেছে বলিউড সুপারস্টার সালমান খানের সিনেমা ‘হিরো’-এর মেগাহিট গান ‘ম্যায় হু হিরো তেরা’ নিয়ে। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে গানটি প্রকাশের বর্ষপূর্তি উদযাপনের সময় সুরকার ও গীতিকারের নাম বাদ দেওয়ায় তোপ দাগেন সংগীত পরিচালক আমাল মালিক। আর সেই ঘটনার জেরে নেটিজেনদের একাংশ আমাল ও আরমান মালিককে ‘অকৃতজ্ঞ’ আখ্যা দিলে সমালোচকদের কড়া জবাব দেন গায়ক আরমান মালিক।

ঘটনার সূত্রপাত সালমান খান ফিল্মসের (এসকেএফ) অফিশিয়াল সামাজিক মাধ্যম পেজের একটি পোস্টকে কেন্দ্র করে। সেখানে ‘ম্যায় হু হিরো তেরা’ গানটি উদযাপন করা হলেও এর মূল কারিগর সুরকার আমাল মালিক ও গীতিকারের নাম এড়িয়ে যাওয়া হয়। বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন আমাল। কমেন্ট বক্সে সরাসরি তোপ দেগে তিনি লেখেন, ‘যে-ই এই সোশ্যাল মিডিয়া পেজটি সামলাচ্ছেন, সুরকার ও গীতিকারকে বাদ দেওয়ার যে দুঃসাহস আপনারা দেখিয়েছেন, তা সত্যি হাস্যকর! যে গানটি একজন সুরকার ও গীতিকারের কষ্ট ও ঘাম দিয়ে তৈরি, সেই রচয়িতাদের সম্মান না দিয়ে তা উদযাপন করা একেবারেই মানায় না।’ 

একই সঙ্গে পোস্ট সংশোধন করার তাগিদ দিয়ে পুরো বিষয়টি যেন সালমান খানের নজর এড়ায় না যায়, সেই পরামর্শও দেন আমাল। আমালের এই প্রতিবাদের পর পেজটি সংশোধন করে তাকে ট্যাগ করা হলেও বিতর্কের আঁচ ছড়িয়ে পড়ে সমালোচকদের মাঝে।

সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) সালমানের এক অনুরাগী মালিক ভাইদের কটাক্ষ করে লেখেন, সালমানের হাত ধরে সুযোগ পেয়েও তারা ‘অকৃতজ্ঞ’। ট্রলের এমন আক্রমণ চোখ এড়ায়নি আরমান মালিকের। জবাব দিয়ে এই জনপ্রিয় গায়ক লেখেন, ‘আপনি আগে নিজে একটা মৌলিক গান তৈরি করুন, লিখুন বা গান; তারপর সেই গান থেকে সুবিধামতো আপনার নামটাই বাদ পড়তে দেখুন—তখন কেমন লাগে তা জানার বেশ কৌতূহল রয়েছে আমার। কৃতজ্ঞতা নিয়ে জ্ঞান দেবেন না! আমার শুরুর দিনগুলোর প্রতি আমি সবসময়ই কৃতজ্ঞ, তবে আজ যে জায়গায় পৌঁছেছি, তার পেছনের কঠিন পথটার কথাও ভালো করেই জানি। আমরা যদি নিজেদের অধিকারের জন্য লড়াই না করি, তবে আর কেউ এসে তা করে দেবে না।’

পরবর্তীতে এক অনুরাগী তাকে এসব ট্রল এড়িয়ে চলার পরামর্শ দিলে আরমান স্পষ্ট জানান, ব্যক্তিগত অহংকার থেকে নয়, ভাই আমাল ও গীতিকারের প্রাপ্য সম্মানটুকু আদায় করতেই মুখ খুলেছেন তিনি। সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি শুধু আমার ভাই ও গীতিকারের ক্রেডিট নিয়ে চিন্তিত ছিলাম। তাদের ছাড়া এই গানটির কোনো অস্তিত্বই নেই। আমার ক্রেডিটের কথা বাদই দিন, আমি আর কিছুই প্রত্যাশা করি না। আমার জন্য তো আপনারা অনুরাগীই যথেষ্ট।’

উল্লেখ্য, ২০১৫ সালে সুরাজ পাঞ্চোলি ও আথিয়া শেঠির প্রথম সিনেমা ‘হিরো’-এর এই বিখ্যাত গানটির সুরকার ছিলেন আমাল মালিক এবং এর বিশেষ সংস্করণে কণ্ঠ দিয়েছিলেন খোদ সালমান খান।

পড়ুন:ব্যক্তিজীবন গোপন রেখে শুটিং, পরিণীতির নতুন যাত্রা শুরু

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন