সিরাজগঞ্জে যমুনা নদীতে বালুবাহী একটি বলগেট ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছে। এ দুর্ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। এরআগে গত শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বড় বয়ড়া এলাকায় যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ দুজন হলো, নোয়াখালীর মাইজদী উপজেলার আন্তারচর এলাকার লোকমান হোসেন মৃধার ছেলে ও বলগেটের ইঞ্জিন মিস্ত্রি মোরশেদ (২৫) এবং চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কাশিমনগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে শ্রমিক ফয়সাল (১৯)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক মো. শরীফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় খবর আসে, যমুনা নদীতে বালুবাহী একটি বলগেট ডুবে কয়েকজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তবে নদীতে তীব্র স্রোত থাকায় পানির গভীরে নামতে সমস্যা হচ্ছে। রোববার দিনভর চেষ্টা করেও নিখোঁজ দুজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ সোমবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান চলছে।
তিনি আরও বলেন, বলগেটটিতে ইঞ্জিনচালকসহ মোট চারজন শ্রমিক ছিলেন। তীব্র স্রোতের কারণে বালুবাহী বলগেটটি ডুবে যায়। এ সময় দুই শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মোরশেদ ও ফয়সাল নিখোঁজ রয়েছেন।
ফায়ার সার্ভিসের ধারণা, নিখোঁজ দুজন বলগেটের ইঞ্জিন কক্ষে আটকে থাকতে পারেন। তবে নদীর তীব্র স্রোতের কারণে সেখানে গিয়ে তল্লাশি চালানো সম্ভব হচ্ছে না।
পড়ুন : সিলেটে হাম উপসর্গে একদিনে চার শিশুর মৃত্যু
সা/


