কুষ্টিয়া সদর উপজেলার নাশকতা মামলায় জামিনে এসে বিএনপির অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে আওয়ামীলীগের সমর্থকরা। পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুলের নেতৃত্বে এই হামলা-ভাংচুর করা হয় বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে ইবি থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামে এই ঘটনায় বিএনপির প্রায় ৫/৬ জন সমর্থক আহত হন। পরে বিএনপির নেতাকর্মীরা আওয়ামীলীগ নেতা রুহুলের বাড়ি ভাংচুর করে এবং তার পাটের গোডাউনে আগুন লাগিয়ে দেয়।
হামলার শিকার বিএনপির সমর্থকরা জানান, সন্ধ্যার পর থেকেই তারা পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামের এক নাম্বার ওয়ার্ড বিএনপি অফিসে নেতাকর্মীরা বসে মুড়ি ও চানাচুর মাখিয়ে খাচ্ছিলেন, এসময় আওয়ামীলীগ নেতা রুহুলের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন লোক জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির অফিসে হামলা চালায় ও ভাংচুর করে বিএনপি সমর্থকদের আহত করে। এতে প্রায় বিএনপির ৫/৬ জন আহত হয়েছে বলে জানিয়েছেন তারা। তারা আরও জানান, গত কয়েকদিন আগে আওয়ামীলীগের সমর্থকেরা মিছিল করার অপরাধে কুষ্টিয়া ইবি থানায় একটি নাশকতা মামলা দায়ের হয়। এতে আওয়ামীলীগ নেতা রুহুল সহ অনেকেই আসামী হয়। ওই মামলায় আদালত আওয়ামীলীগের সমর্থকেরা জামিন পেয়ে এলাকায় মিষ্টি মুখ করে বিএনপি অফিসে এই হামলা ভাংচুর চালিয়েছে।
স্থানীয় সূত্রমতে, পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুলের নেতৃত্বে নলকোলা ১ নাম্বার ওয়ার্ড বিএনপি অফিসে ভাংচুর চালায়। এসময় সেখানে থাকা ৫/৬ জন আহত হন। পরে বিএনপির নেতাকর্মীরা সংগঠিত হয়ে আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়ি ভাংচুর করে এবং তার পাটের গোডাউনে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রন করে। ইবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মোঃ ফয়সাল মাহমুদ সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে ইবি থানা পুলিশ উপস্থিত রয়েছে। আমি নিজেও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। তদন্তে সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
পড়ুন : ইসরায়েলের সামরিক শক্তি বাড়াতে ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সা/


