চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে গ্রেপ্তার মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম. এ. খালেককে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। পরে তাকে মেহেরপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিকেল ৫টার দিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।
দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, এম. এ. খালেক চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে যান। এ সময় তার কাগজপত্র যাচাই-বাছাইয়ের একপর্যায়ে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তার বিষয়ে খোঁজ নেওয়া হয়।
পরে তার বিরুদ্ধে ২০২৪ সালের একটি মামলার তথ্য পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটির নম্বর ১১।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে এম. এ. খালেককে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পড়ুন : মমেক হাসপাতালে আগুন : মৃত্যু নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ


