বিজ্ঞাপন

গাংনী পৌর মেয়র হতে চান অ্যাডাম সুমন

বিজ্ঞাপন

মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই নেতা দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা জানান। সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে তিনি ইতোমধ্যে পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি নিজের পরিকল্পনা ও ভাবনার কথা তুলে ধরছেন।

কলেজজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়ে অ্যাডাম সুমন বলেন, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় কর্মকাণ্ড থেকে সরে যাননি। তাঁর ভাষ্য অনুযায়ী, গত ১৭ বছরে তাঁর বিরুদ্ধে ১৭টি মামলা হয়েছে এবং ৭ বার কারাবরণ করতে হয়েছে। বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিস্থিতির কারণে আত্মগোপনেও থাকতে হয়েছে তাঁকে।

তবে রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি মানুষের পাশে থাকাকে নিজের কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেন তিনি। তাঁর দাবি, অসহায় ও দুস্থ পরিবারের আর্থিক সহযোগিতা, চিকিৎসার প্রয়োজনে সহায়তা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার চেষ্টা করে আসছেন।

অ্যাডাম সুমন বলেন, রাজনীতি আমার কাছে শুধু পদ-পদবির বিষয় নয়। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই আমার কাছে রাজনীতির মূল উদ্দেশ্য। একজন মানুষ যখন সমস্যায় পড়েন, তখন তাঁর পাশে দাঁড়াতে পারাটাই সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করি। ভবিষ্যতেও মানুষের পাশে থেকেই কাজ করতে চাই।

গাংনী পৌরসভা নিয়ে তাঁর রয়েছে বেশ কিছু পরিকল্পনা। মেয়র নির্বাচিত হলে নাগরিক সেবা সহজ করা এবং ওয়ার্ডভিত্তিক সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

তিনি বলেন, পৌরসভার প্রকৃত সমস্যা জানতে হলে মানুষের কাছে যেতে হবে। আমি প্রতি সপ্তাহে একটি করে ওয়ার্ডে গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতে চাই। রাস্তা, পানি, ড্রেনেজ, আলো, পরিচ্ছন্নতা—যে সমস্যা থাকবে, মানুষের কাছ থেকেই শুনে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করব।

পৌর এলাকার কৃষকদের জন্যও উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। প্রাপ্য ব্যক্তিদের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা এবং কৃষকদের বিভিন্ন সুযোগ-সুবিধার সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে তাঁর।

পৌরকর প্রসঙ্গে অ্যাডাম সুমন বলেন, নাগরিকদের ওপর করের চাপ যৌক্তিক পর্যায়ে রাখা প্রয়োজন। সুযোগ পেলে পৌরকর কমানোর বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

পৌর এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় পর্যাপ্ত বৈদ্যুতিক আলো এবং প্রয়োজনীয় স্থানে সোলার লাইট স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন অ্যাডাম সুমন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনা জোরদারের কথা বলেন তিনি। আমি গাংনীকে একটি পরিচ্ছন্ন ও আলোকিত পৌরসভা হিসেবে দেখতে চাই। শুধু রাস্তা তৈরি করলেই উন্নয়ন হয় না। মানুষের নিরাপদ চলাচল, বিশুদ্ধ পানি, পরিচ্ছন্ন পরিবেশ এবং সহজ নাগরিক সেবাও উন্নয়নের অংশ, বলেন তিনি।
গাংনী শহরের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি ওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন অ্যাডাম সুমন। এ ধরনের বড় প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। গাংনী উপজেলা হাসপাতালে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের প্রত্যয় ব্যক্ত করেন।

অ্যাডাম সুমনের পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পেয়েছে যুবসমাজ। তরুণদের খেলাধুলা, সামাজিক কর্মকাণ্ড ও ইতিবাচক কাজে সম্পৃক্ত করার কথা জানিয়েছেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) তিনি সাত বছর ছিলেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে গাংনীর তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে চান তিনি। তরুণরা একটি সমাজের সবচেয়ে বড় শক্তি। তাদের সঠিক পথে রাখতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের সুযোগ বাড়াতে হবে। আমি চাই গাংনীর তরুণরা মাঠমুখী হোক, মাদক ও অপরাধ থেকে দূরে থাকুক এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখুক, বলেন তিনি।

দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ পৌরসভা গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন অ্যাডাম সুমন। তিনি বলেন, পৌরসভা জনগণের প্রতিষ্ঠান। জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় হতে হবে। আমি দায়িত্ব পেলে স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেব। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দিতে চাই না।

দলীয় রাজনীতির প্রসঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করেন।

মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা নিয়ে অ্যাডাম সুমন বলেন, দল আমাকে সুযোগ দেবে কি না, সেটি দলীয় সিদ্ধান্ত। আর নির্বাচনের সুযোগ হলে জনগণ কাকে দায়িত্ব দেবেন, সেটি সম্পূর্ণ তাঁদের সিদ্ধান্ত। আমি শুধু এটুকু বলতে চাই,সুযোগ পেলে গাংনী পৌরবাসীর জন্য সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাই।
গাংনী পৌরসভাকে নিয়ে তাঁর স্বপ্নের কেন্দ্রে রয়েছে মানুষের অংশগ্রহণ। বয়োজ্যেষ্ঠদের অভিজ্ঞতা এবং তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে পৌর উন্নয়নে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

সবশেষে অ্যাডাম সুমন বলেন, আমি গাংনীর মানুষের ভালোবাসাকে সবচেয়ে বড় শক্তি মনে করি। আমার স্বপ্ন একটি পরিচ্ছন্ন, আলোকিত, আধুনিক ও নাগরিকবান্ধব গাংনী। সুযোগ পেলে নিজের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে মানুষের পাশে থাকতে চাই। মানুষের আস্থা অর্জন করাই হবে আমার সবচেয়ে বড় অর্জন।

গাংনী পৌরসভা নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন এবং নির্বাচনী মাঠে ভোটারদের রায় কী হয়,তা নির্ধারিত হবে পরবর্তী রাজনৈতিক ও নির্বাচনী প্রক্রিয়ায়। তবে মেয়র পদে আগ্রহ প্রকাশের মধ্য দিয়ে অ্যাডাম সুমন ইতোমধ্যে তাঁর রাজনৈতিক আকাঙ্ক্ষা ও পৌর উন্নয়নের একটি রূপরেখা তুলে ধরেছেন।

পড়ুন : শেরপুরে মানব পাচার মামলার প্রধান আসামি গ্রেফতার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন