ব্যবহারকারীদের জন্য নতুন সাবস্ক্রিপশন পরিষেবা ‘মেটা ওয়ান’ ঘোষণা করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। কনটেন্ট ক্রিয়েটর, সাধারণ ব্যবহারকারী ও ব্যবসায়ীদের কথা মাথায় রেখে নতুন এই পরিষেবা তৈরি করা হয়েছে। এর আওতায় ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং মেটা এআইতে বেশ কিছু অতিরিক্ত ফিচার ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকেরা।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটির মূল অ্যাপগুলোর সাধারণ সেবা আগের মতোই বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে মেটা ওয়ান সাবস্ক্রিপশন নিলে ব্যবহারকারীরা বাড়তি ফিচার, আরও বেশি এআই ব্যবহারের সুযোগ এবং উন্নত ক্রিয়েটিভ টুল পাবেন। ব্যবহারকারীর প্রয়োজন ও ব্যবহারের ধরন অনুযায়ী সাবস্ক্রিপশন সেবাটিকে বিভিন্ন সংস্করণে ভাগ করা হয়েছে।
মেটা জানিয়েছে, মেটা ওয়ানের আওতায় বর্তমানে ৫০টির বেশি ফিচার সক্রিয় রয়েছে। ভবিষ্যতে এই সাবস্ক্রিপশন পরিষেবা আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে এডিটস অ্যাপ এবং এআই স্মার্টগ্লাসেও মেটা ওয়ানের সুবিধা যুক্ত করা হবে।
সাধারণ ব্যবহারকারীদের জন্য মেটা ওয়ানের আওতায় ইনস্টাগ্রাম প্লাস, ফেসবুক প্লাস ও হোয়াটসঅ্যাপ প্লাস সংস্করণ রাখা হয়েছে। এসব সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের ব্যক্তিগতকরণ বা কাস্টমাইজেশন সুবিধা পাবেন।
সাবস্ক্রিপশন নেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের মাসিক নির্দিষ্ট অর্থ ব্যয় করতে হবে। দেওয়া তথ্য অনুযায়ী, ইনস্টাগ্রাম প্লাসের মাসিক মূল্য ৩.৯৯ ডলার এবং ফেসবুক প্লাসের মূল্যও ৩.৯৯ ডলার। অন্যদিকে হোয়াটসঅ্যাপ প্লাস ব্যবহারের জন্য মাসে ২.৯৯ ডলার খরচ হবে।
এসব প্ল্যানে কাস্টম ফন্ট, বিশেষ থিম, অতিরিক্ত চ্যাট পিন, কাস্টম অ্যাপ আইকনসহ বিভিন্ন ব্যক্তিগতকরণ সুবিধা থাকবে। ফলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাপের বিভিন্ন অংশ সাজানোর সুযোগ পাবেন।
মেটার নতুন সাবস্ক্রিপশন পরিষেবায় কেবল অ্যাপ কাস্টমাইজেশনের সুবিধাই থাকছে না। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবহারকারীদের জন্যও রাখা হয়েছে বিশেষ সুবিধা। মেটা ওয়ানের বিভিন্ন সংস্করণে এআই ব্যবহারের সীমা বাড়ানোর পাশাপাশি ছবি ও ভিডিও তৈরির মতো ফিচার ব্যবহারের সুযোগ দেওয়া হবে
মেটা ওয়ানের প্রিমিয়াম প্ল্যানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই প্ল্যানে মেটা এআই ব্যবহার করে আরও বেশি ছবি ও ভিডিও তৈরি করা যাবে। পাশাপাশি ইনস্টাগ্রামে রিস্টাইল এবং ভয়েস ইফেক্টসের মতো ফিচার বেশি ব্যবহার করার সুযোগ থাকবে।
প্রিমিয়াম প্ল্যানের মাসিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯.৯৯ ডলার। যারা নিয়মিত এআইভিত্তিক কনটেন্ট তৈরি করেন বা মেটার বিভিন্ন এআই টুল বেশি ব্যবহার করেন, তাদের জন্য এই সংস্করণে বাড়তি সুবিধা রাখা হয়েছে।
নতুন সাবস্ক্রিপশন ব্যবস্থায় সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর ও ব্যবসায়ীদের জন্যও আলাদা পরিকল্পনা রাখা হয়েছে। তাদের জন্য এসেনশিয়াল, অ্যাডভান্সড, এক্সপার্ট ও ম্যাক্স—এই চার ধরনের প্ল্যান রয়েছে।
ক্রিয়েটর ও ব্যবসায়ীদের জন্য মেটা ওয়ানের এসেনশিয়াল প্ল্যানের মাসিক মূল্য ১৪.৯৯ ডলার। এই সংস্করণে ভেরিফায়েড ব্যাজ পাওয়ার সুবিধা রয়েছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপ বিজনেস সংস্করণে ভেরিফায়েড চ্যানেল এবং মেটা বিজনেস এজেন্ট ব্যবহারের সুযোগও থাকবে।
ব্যবসায়িক কাজে যারা নিয়মিত মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করেন, তাদের জন্য এসব সুবিধা গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে ব্যবসার পরিচিতি নিশ্চিত করা, গ্রাহকদের সঙ্গে যোগাযোগ এবং অনলাইন উপস্থিতি ব্যবস্থাপনার ক্ষেত্রে সাবস্ক্রিপশনভিত্তিক ফিচারগুলো ব্যবহার করা যাবে।
এর পরের স্তরে রয়েছে অ্যাডভান্সড প্ল্যান। এই প্ল্যানের মাসিক মূল্য শুরু হচ্ছে ৪৯.৯৯ ডলার থেকে। এতে আগাম পোস্ট শিডিউলিং, অর্গানিক পোস্টে লিঙ্ক যুক্ত করা এবং টিম অ্যাকসেসের মতো সুবিধা দেওয়া হবে।
অ্যাডভান্সডসহ উচ্চতর প্ল্যানগুলো বড় টিম ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজন বিবেচনা করে তৈরি করা হয়েছে। একাধিক ব্যক্তি একটি ব্যবসায়িক অ্যাকাউন্ট পরিচালনা করলে টিম অ্যাকসেসের মতো সুবিধা কাজের সমন্বয় সহজ করতে পারে।
মেটার নতুন সাবস্ক্রিপশন পরিষেবা চালুর পর সাধারণ ব্যবহারকারীদের জন্য প্রতিষ্ঠানটির বিনামূল্যের সেবাগুলো বন্ধ হচ্ছে না। মেটার ভাষ্য অনুযায়ী, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং মেটা এআইয়ের সাধারণ পরিষেবা আগের মতোই বিনামূল্যে ব্যবহার করা যাবে।
অর্থাৎ যারা অতিরিক্ত সুবিধা নিতে চান না, তারা আগের নিয়মেই মেটার অ্যাপ ও পরিষেবাগুলো ব্যবহার করতে পারবেন। আর যারা বাড়তি কাস্টমাইজেশন, এআই ব্যবহারের সুবিধা কিংবা ব্যবসায়িক টুল চান, তারা প্রয়োজন অনুযায়ী সাবস্ক্রিপশন বেছে নিতে পারবেন।
মেটা ওয়ানের মাধ্যমে একই ছাতার নিচে বিভিন্ন ধরনের ব্যবহারকারীর জন্য আলাদা পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে মেটা। সাধারণ ব্যবহারকারীর অ্যাপ কাস্টমাইজেশন থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এআই টুল এবং ব্যবসায়ীদের জন্য ভেরিফিকেশন ও টিম ব্যবস্থাপনার সুবিধা—বিভিন্ন প্রয়োজনকে লক্ষ্য করেই এসব প্ল্যান সাজানো হয়েছে।
ভবিষ্যতে এডিটস অ্যাপ ও এআই স্মার্টগ্লাসে মেটা ওয়ানের সুবিধা যুক্ত হলে এই সাবস্ক্রিপশন পরিষেবার পরিধি আরও বাড়তে পারে। তবে কোন অঞ্চলে কোন প্ল্যান ও সুবিধা পাওয়া যাবে, তা পরিষেবার প্রাপ্যতা অনুযায়ী ভিন্ন হতে পারে।
পড়ুন:কৃত্রিম বুদ্ধিমত্তায় মানবজাতির বিলুপ্তির আশঙ্কা কতটা বাস্তব?
ইমি/


