ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মো. মিজানুর রহমান (৫৫) নামে এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত মিজানুর রহমান ফরিদপুরের নুরেহান্দা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ইউসুফ আলী। দীর্ঘদিন ধরে তিনি ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন বলে জানা গেছে।
হাসপাতাল সূত্র ও সরেজমিনে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘোরাঘুরি করার সময় মিজানুর রহমানকে দেখতে পান দায়িত্বরত আনসার সদস্যরা। পরে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর ১৭ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বের হওয়ার চেষ্টা করলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে বাধা দেন। এ সময় মিজানুর রহমান জানান, তিনি আর রাস্তায় ঘোরাঘুরি করবেন না এবং বর্তমানে সুস্থ আছেন। পরে তিনি হাসপাতাল থেকে চলে যান।
গত ২০ সেপ্টেম্বর তাকে আবারও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দেখতে পাওয়া যায়। পরে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আহমেদুল হক তিতাস বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশের উপস্থিতিতে সরকারি অ্যাম্বুলেন্সে করে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
পড়ুন : জাতিসংঘ সদর দফতরে আয়োজিত সেমিনারে যে বক্তব্য দিলেন ড. ইউনূস


