২০২৬ বিশ্বকাপই শেষ আন্তর্জাতিক আসর হবে—এমন ঘোষণা আগেই দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সও পেরিয়েছে ৪১। তাই বিশ্বকাপের পর পর্তুগালের জার্সিতে তাকে আর দেখা যাবে না বলেই ধরে নিয়েছিলেন অনেকে। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন পর্তুগিজ তারকা। জাতীয় দলের হয়ে আরও সাফল্য, ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়া এবং তরুণদের পাশে থাকার লক্ষ্যেই আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০২৬ বিশ্বকাপকে নিজের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হিসেবে ঘোষণা করেছিলেন রোনালদো। বিশ্বকাপের পর অবসরের পরিকল্পনাও ছিল তার। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বদলে ফেলেছেন পর্তুগালের অন্যতম সেরা এই ফুটবলার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন রোনালদো। তিনি জানান, অবসর নিয়ে অবশ্যই ভেবেছিলেন। নিজের বর্তমান ও ভবিষ্যৎ নিয়েও নিয়মিত ভাবেন বলে উল্লেখ করেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
তবে জাতীয় দলের প্রেসিডেন্ট ও কোচ জর্জ জেসুসের সঙ্গে আলোচনার পর নিজের অবস্থান পরিবর্তন করেছেন রোনালদো। তার বিশ্বাস, পর্তুগালকে আরও সাফল্যের পথে এগিয়ে নিতে এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে তার।
শুধু মাঠে গোল করার মধ্যেই নিজের দায়িত্ব সীমাবদ্ধ রাখতে চান না রোনালদো। মাঠের বাইরেও জাতীয় দলের জন্য অবদান রাখতে চান তিনি। তার মতে, পর্তুগাল দলে উঠে আসা তরুণ প্রজন্মের পাশে থাকাও তার দায়িত্বের অংশ।
এর সঙ্গে রয়েছে তার ব্যক্তিগত আরেকটি লক্ষ্য। ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক থেকে এখনো ২১ গোল দূরে রয়েছেন তিনি। জাতীয় দলের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত এই অর্জনকেও গুরুত্ব দিচ্ছেন রোনালদো।
পর্তুগালের হয়ে ২৩৩ ম্যাচ খেলা রোনালদোর সামনে তাই নতুন একটি অধ্যায়। নেশনস লিগ দিয়ে শুরু হওয়া এই পর্বে জাতীয় দলের হয়ে আরও সাফল্য অর্জনের পাশাপাশি ১ হাজার গোলের স্বপ্ন পূরণ করাও তার অন্যতম লক্ষ্য।
তবে গুঞ্জন রয়েছে, ক্যারিয়ারের কাঙ্ক্ষিত এই মাইলফলক স্পর্শ করার পরই জাতীয় দলের জার্সিতে ইতি টানতে পারেন পর্তুগিজ তারকা।
পড়ুন : বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করছেন কেইন
সা/


