বিজ্ঞাপন
বিজ্ঞাপন

নেত্রকোনায় প্রতারণা মামলার প্রধান আসামি এসআরবি’র হাতে বন্দি

জমি বিক্রির কথা বলে প্রতিবেশী এক বৃদ্ধের কাছ থেকে ধাপে ধাপে ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন তিনি। দিনের পর দিন জমি রেজিস্ট্রি করে দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত আর কথা রাখেননি। উল্টো সাব-রেজিস্ট্রি অফিসে যাওয়ার চূড়ান্ত তারিখে লাপাত্তা হয়ে যান। অবশেষে ভুক্তভোগীর করা প্রতারণা মামলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) জালে ধরা পড়লেন সেই প্রতারক চক্রের মূল হোতা নাছিমুল হাসান ওরফে জামাল (৪০)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এসআরবি-১৪ এর মিডিয়া অফিসার ও সহকারী পরিচালকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।

এরআগে, গতকার (বুধবার) রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোনা জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে এসআরবি-১৪ এর ময়মনসিংহ সদর কোম্পানির একটি আভিযানিক দল।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা ভুক্তভোগী মো. আব্দুর রহমান খান (৬৫) এবং গ্রেফতারকৃত নাছিমুল হাসান সম্পর্কে প্রতিবেশী। পাশাপাশি গ্রামের বাসিন্দা হওয়ার সুবাদে তাদের মধ্যে জানাশোনা ছিল। পরিচয়ের সূত্র ধরেই ২০২১ সালের ১০ নভেম্বর আব্দুর রহমানের কাছে ৩০ শতাংশ জমি বিক্রির প্রস্তাব দেন নাছিমুল।

জমি বুঝিয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে তিনি ভুক্তভোগীর কাছ থেকে ৩০ লাখ টাকা গ্রহণ করেন। পুরো টাকা পরিশোধ করার পর আব্দুর রহমান জমিটি কাওলা (রেজিস্ট্রি) করে দেওয়ার তাগিদ দিলে নাছিমুল ও তার সহযোগীরা নানা টালবাহানায় কালক্ষেপণ করতে থাকেন।

দীর্ঘদিন ঘোরানোর পর সর্বশেষ চলতি মাসের ১৩ তারিখ জমিটি রেজিস্ট্রি করে দেওয়ার চূড়ান্ত দিন ধার্য করা হয়। সেদিন ভুক্তভোগী পক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সাব-রেজিস্ট্রি অফিসে অপেক্ষায় থাকলেও ধৃত নাছিমুল হাসানসহ অন্য সহযোগীরা সেখানে উপস্থিত হননি।

জমি না দিয়ে প্রতারণার আশ্রয় নেওয়ায় ওই দিনই ভুক্তভোগী আব্দুর রহমানের ম্যানেজার মো. আনিস ফকির (৩৬) বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন।

কেন্দুয়া থানায় প্রতারণার মামলা রুজু হওয়ার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যান। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে সদর কোম্পানি এসআরবি-১৪, ময়মনসিংহ ইউনিট পলাতক আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে।

গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নেত্রকোনা সদরের বাসস্ট্যান্ড এলাকায় আকস্মিক অভিযান পরিচালনা করেন এসআরবি সদস্যরা। এ সময় মামলার প্রধান আসামি মো. নাছিমুল হাসান ওরফে জামালকে গ্রেফতার করতে সক্ষম হয় আভিযানিক দলটি।

এসআরবি-১৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় নবীন বরণ ও ছবক অনুষ্ঠিত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন