আবারও সয়াবিন তেলের বাজারে আবারও অস্থিরতার শঙ্কা তৈরি হচ্ছে। সরকারকে চাপে ফেলে তেলের দাম আরেক দফা বাড়ানোর জন্য বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি সিন্ডিকেটের বিরুদ্ধে। চক্রটির লক্ষ্য লিটারে আরও ৬ টাকা দাম বাড়ানো। এ জন্য মিলগেট থেকে এক ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কৌশলে কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
সরবরাহ কমে যাওয়ায় ডিলার পর্যায়ে সংকট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। পাড়া-মহল্লার দোকানগুলোতে চাহিদা অনুযায়ী বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। এতে জিম্মি হয়ে পড়েছেন ক্রেতারা।
অন্যদিকে সরকার নির্ধারিত দাম কার্যকর থাকার পরও কারসাজির সুযোগে খোলা সয়াবিন তেল খুচরা বাজারে লিটারপ্রতি ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে। নির্ধারিত দামের তুলনায় এ দাম ১৫ টাকা বেশি। অর্থাৎ সরকার নতুন করে দাম নির্ধারণ না করলেও অসাধু চক্র বাড়তি দামের চাপ ভোক্তার ওপর দিয়ে দিয়েছে।
কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএম নাজের হোসাইন বলেন, দেশের ৪ থেকে ৫টি বড় কোম্পানি সয়াবিন তেলের বাজারের ৮৫-৯০ শতাংশ নিয়ন্ত্রণে রেখেছে। বাকি ১০-১৫ শতাংশ অন্য ছোট কোম্পানি সরবরাহ করে। ওইসব বড় কোম্পানি দেশের চাহিদামতো তেল আমদানির পর রিফাইন করে বাজারে ছাড়ে। বাড়তি মুনাফা করতে তারা বছরের একেক সময় তাদের ডিলারদের মাধ্যমে বাজারে সরবরাহ কমিয়ে দেয়। সরকারকে চাপে ফেলে সাধারণ ভোক্তাকে জিম্মি করে মূল্য বাড়িয়ে নেয়। গত কয়েক বছর একই পন্থায় ওই চক্র সরকারকে চাপে ফেলে মূল্য বাড়িয়ে নিয়েছে। তবুও নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে ৫-১০ টাকা বেশি দামে ভোজ্যতেল বিক্রি করে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর নয়াবাজারের ৬টি মুদি দোকানের ৪টিতে এক ও দুই লিটার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ দেখা যায়নি। জিনজিরা কাঁচাবাজারের ৮টি মুদি দোকান ঘুরে ৩টিতে এক লিটারের বোতল সয়াবিন পাওয়া গেছে। বাকি ২টিতে মিলেছে দুই লিটার তেল। তবে ওই সব দোকানে ৫ লিটারের তেলের সরবরাহ ছিল।
জিনজিরা কাঁচাবাজারের মুদি ব্যবসায়ী সাগর বলেন, আমাদের এক ও দুই লিটারের সয়াবিনের দৈনিক চাহিদা ২০ কার্টন দিলেও ডিলাররা ২-৪ কার্টন দেয়। কৌশলে তারা আগের মতো করে দাম বাড়াতে সরবরাহ কমাচ্ছে।
এর আগে বিশ্ববাজারের সঙ্গে দাম সমন্বয়ের কারণ দেখিয়ে ১১ জুলাই ভোজ্যতেল লিটারে ৮-১০ টাকা বাড়ানোর প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠায় কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
তখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম খুচরা বাজারে ১০ টাকা বাড়িয়ে ২০৯ টাকা করার প্রস্তাব দিয়েছিলেন ব্যবসায়ীরা। পাশাপাশি ৫ লিটারের বোতলে লিটারপ্রতি ১০ টাকা বাড়িয়ে দাম এক হাজার ১৫ টাকা এবং খোলা সয়াবিনের দাম লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছিল। একইভাবে খোলা পাম তেলের দামও লিটারে ১৩ টাকা বাড়িয়ে ১৮৩ টাকা করার প্রস্তাব দেওয়া হয়।
তবে তখন এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি সরকার। চিঠি দেওয়ার এক সপ্তাহ পর বাণিজ্য মন্ত্রণালয়ে এ নিয়ে এক দফা বৈঠকও হয়। কিন্তু কোনো মীমাংসা ছাড়াই বৈঠক শেষ হয়।
এরপর ২ সেপ্টেম্বর ব্যবসায়ীদের দাবি মেনে বোতলজাত এক লিটারের সয়াবিন তেলের দাম ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৮০ টাকা নির্ধারণ করা হয়।
ব্যবসায়ীদের দাবি অনুযায়ী লিটারে ১০ টাকা দাম না বাড়ায় ফের কারসাজি শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সরবরাহ কমিয়ে সরকারকে চাপে ফেলার চেষ্টা চলছে বলেও অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কাওরান বাজারের একটি সয়াবিন তেল ব্র্যান্ডের ডিলার জানান, ফের তেলের দাম বাড়াতে চায় কোম্পানিগুলো। এজন্য ডিলার পর্যায়ে সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। আমরা কম তেল পাওয়ায় খুচরা বাজারেও সরবরাহ কম করে দিতে পারছি।
তিনি বলেন, আমাদের কাছে সরবরাহ যতক্ষণ থাকে আমরা খুচরা পর্যায়ে সরবরাহ করি। কোম্পানি তেল না দিলে খুচরায় দিতে পারি না। এমন পরিস্থিতি গত কয়েকবার হয়েছে।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সূত্র জানায়, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে। পাশাপাশি আমদানি পর্যায়ে সব খরচ বেড়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পরিবহণ খরচও বেড়েছে। এসব কারণে বর্তমান বাজারদরের তুলনায় লিটারে ১৮ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়তি ব্যয় গুনতে হচ্ছে। এতে লোকসান হচ্ছে।
তবে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্যসংক্রান্ত টাস্কফোর্সের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে, পাশাপাশি বেড়েছে পরিবহণ ব্যয়। এসব কারণ দেখিয়ে ব্যবসায়ীরা দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। ব্যবসায়ীদের দাবি ছিল আরও বেশি (লিটারে ১০ টাকা) দাম বাড়ানোর। কিন্তু বর্তমানে ভোজ্যতেলের কোনো সংকট নেই। পরিস্থিতি বিবেচনা করে সরকার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছিল। তাই লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছিল।
তিনি আরও বলেন, নতুন করে দাম বাড়ানোর জন্য সরকারের কাছে কোম্পানিগুলো কোনো চিঠি দেয়নি। তারা যদি মূল্যবৃদ্ধি করতে সরবরাহ কমিয়ে দেয়, সে বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: যুগান্তর
পড়ুন: গণমাধ্যমের ওপর আধিপত্য বিস্তার করবে না সরকার: তথ্য উপদেষ্টা
আর/


