নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সৈয়দপুর পৌরসভার প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা তার ব্যতিক্রমী ও জনবান্ধব কার্যক্রমের মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষের আস্থা ও প্রশংসা অর্জন করেছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি উপজেলা প্রশাসন এবং পৌরসভার দৈনন্দিন সেবায় স্বচ্ছতা ও গতিশীলতা ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন
উপজেলা প্রশাসনের সেবাকে সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি নিজের অফিসে সর্বসাধারণের অবাধ প্রবেশের সুযোগ নিশ্চিত করেছেন। ফলে যেকোনো সাধারণ নাগরিক এখন কোনো মধ্যস্বত্বভোগী বা আগাম অনুমতি ছাড়াই তাদের সমস্যা ও অভিযোগ নিয়ে সরাসরি তার সঙ্গে কথা বলতে পারছেন
পৌরসভার প্রশাসক হিসেবেও তিনি শহর এলাকার মৌলিক সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখছেন। বিশেষ করে পৌরসভার রাস্তাঘাট মেরামত, বর্জ্য ব্যবস্থাপনা এবং ড্রেনেজ ব্যবস্থার সমস্যা নিরসনে তিনি নিজেই সরেজমিনে মাঠপর্যায়ে তদারকি করছেন
পাশাপাশি, সাম্প্রতিক সময়ে নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তিনি প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। গাড়ি হারিয়ে যাওয়া রেজোয়ান নামের এক শিক্ষার্থীকে নতুন ভ্যান গাড়ি ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান সহ তার ভবিষ্যৎ পড়াশোনার দায়িত্ব নেওয়া এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের সাথে স্থানীয় ঐতিহাসিক স্থান পরিদর্শনের মতো উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। এছাড়া খাতা মধুপুর ইউনিয়নের ছইলপাড়া নতুন জামে মসজিদের কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তাকে স্থানীয়দের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়
স্থানীয় বাসিন্দারা জানান, একজন কর্মঠ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা সৈয়দপুর উপজেলা ও পৌরসভার সেবার মান বৃদ্ধিতে প্রশংসনীয় ভূমিকা রাখছেন।
পড়ুন : ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক


