রাজধানীর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে অবহেলা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শাহ আলী থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় সরকার আমলে নেবে না বলেও জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে শাহ আলী থানাধীন এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।
মামলার অভিযোগে বলা হয়েছে, হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি সেন্টারে প্রবেশ করে। তারা প্রতিষ্ঠানের দেয়াল টপকে ভেতরে ঢুকে দায়িত্ব পালনরত দুই নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার (৪৩) ও মো. আব্দুল হাইকে (৬৩) মারধর করে বেঁধে রাখে।
পরে হামলাকারীরা হ্যামার দিয়ে প্রতিষ্ঠানের প্রধান ফটক ভেঙে ভেকু নিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর পূর্ব পাশের প্রায় ২৮ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রস্থের একটি সেমিপাকা ঘর ভেকু দিয়ে গুঁড়িয়ে দেয়। মামলার অভিযোগ অনুযায়ী, এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এরপর পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার আরেকটি সেমিপাকা ঘর ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ক্লিনিক ইনচার্জ, চিকিৎসক ও ডেপুটি ক্লিনিক ইনচার্জের ব্যবহৃত প্রায় ৬০ ফুট দীর্ঘ ও ১৭ ফুট প্রস্থের সেমিপাকা ঘর এবং সেখানে থাকা আসবাব ও যন্ত্রপাতিও ভাঙচুর করা হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া প্রায় ১০০ ফুট দীর্ঘ ও ৪০ ফুট প্রস্থের রেজিস্ট্রেশন শাখায় ভাঙচুর চালানো হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে আল্ট্রাসনোগ্রাম, টিকাদান ও ল্যাবরেটরি কক্ষের পাকা ভবনের দরজা-জানালা ভাঙচুর করা হয়। এতে আরও প্রায় ২ লাখ টাকার ক্ষতির কথা বলা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ওষুধ ও সামগ্রী, দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি ও তিনটি স্টিলের আলমারি নিয়ে যায়। এসব মালামালের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে ধ্বংসস্তূপের পাশের একটি সরু গলিতে অস্থায়ীভাবে শিশুদের হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচিসহ সীমিত স্বাস্থ্যসেবা কার্যক্রম চালানো হচ্ছে।
অন্যদিকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িতদের গ্রেপ্তার এবং ক্লিনিকটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার দুপুর ১২টার দিকে দলটির নেতাকর্মীরা মিছিল নিয়ে ক্লিনিকে যান এবং ভাঙচুর হওয়া ভবন পরিদর্শন করেন।
এ সময় ক্লিনিকের জায়গায় টানিয়ে রাখা ‘সমমনা দোকানদার সমিতি’র নামে একটি সাইনবোর্ড ভেঙে দেন এনসিপির নেতাকর্মীরা।
পরে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, এই ঘটনার সঙ্গে ক্ষমতাসীন দলের সম্পৃক্ততা রয়েছে। তিনি স্থানীয় নারী সংসদ সদস্য, বিএনপির নেতাকর্মী ও পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আসিফ মাহমুদ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ক্ষতিপূরণ দিয়ে দ্রুত ক্লিনিকটির কার্যক্রম পুনরায় চালুর আহ্বান জানান তিনি।
কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকে ‘ঢালাও’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, ঘটনাস্থলের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। দখল-বেদখলকে কেন্দ্র করেই সেখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাকে উদ্দেশ্য করে তো বলতেই পারে, গণতন্ত্র। বাক-স্বাধীনতা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেই ভদ্রলোক যিনি এই অভিযোগটা ফেসবুকে লাইভে এসে করছেন, তিনি কি কোনো মামলা দায়ের করেছেন? করেননি।’
তিনি বলেন, ‘তিনি এক পর্যায়ে বলেছেন, তার কাছ থেকে কেউ চাঁদা চায়নি। চাইলে নাকি দিত, এরকম আমি শুনেছি। ঠিক ঠিক, এটি অডিওতে… হ্যাঁ। তো যার কাছে চাঁদা দাবি করে নাই, তিনি বলছেন চাইলে দিত, তাহলে এটা চিহ্নিত কেউ না এবং তিনি তারপরে বলছেন বিএনপি চাঁদাবাজ দল, এটা ঢালাও অভিযোগ।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এখন আমাদের দিকেও অঙ্গুলি নির্দেশ করেছেন। যদি তিনি সুনির্দিষ্ট মামলা করেন, আমরা সেটা তদন্ত করে দেখতে পারি।’
পড়ুন : চাপ নয়, দ্বিপক্ষীয় স্বার্থেই বোয়িং চুক্তি: মাহদী আমিন
সা/


