শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা জোরদারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও যুক্তরাজ্যের অক্সফোর্ড কলেজ অব এডুকেশন লিমিটেডের (OCE) মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের উপস্থিতিতে তাঁর কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
সমঝোতা স্মারকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোঃ গিয়াস উদ্দিন এবং অক্সফোর্ড কলেজ অব এডুকেশন লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক ও সিইও জসিম উদ্দিন স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থানযোগ্যতা বাড়ানো এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের সুযোগ সম্প্রসারণে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি অনলাইন শিক্ষার সুযোগ এবং শিক্ষা ও পেশাগত উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করা হবে।
সমঝোতা স্মারক অনুযায়ী, উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক অনলাইন কোর্স, ইংরেজি ভাষা শিক্ষা ও IELTS প্রস্তুতিমূলক কর্মসূচি এবং অন্যান্য একাডেমিক ও পেশাগত উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে।
এ অংশীদারত্বের আওতায় যোগ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা OCE-এর বিভিন্ন শিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবেন। কর্মসূচির ধরন অনুযায়ী অংশগ্রহণকারীরা ইন্টারঅ্যাক্টিভ শিক্ষাসামগ্রী, বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম, মূল্যায়ন, অনুশীলনমূলক প্রশ্নপত্র, মক টেস্ট এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ পাওয়ার সুযোগ পাবেন।
এ ছাড়া নির্ধারিত শর্ত ও যোগ্যতার মানদণ্ড পূরণকারী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কোর্স সমাপ্তির সনদ বা প্রয়োজনীয় নথিপত্র দেওয়ার সুযোগ থাকবে। যোগ্য শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য OCE-এর দক্ষতা উন্নয়নমূলক কোর্সে বিশেষ ছাড়ের ব্যবস্থাও থাকবে। তবে কোর্সের নির্ধারিত শর্ত ও যোগ্যতা পূরণ এবং অংশগ্রহণকারীর নিজস্ব ফি পরিশোধের ভিত্তিতেই এসব কর্মসূচিতে অংশ নেওয়া যাবে।
সমঝোতা অনুযায়ী, এসব কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ সম্পূর্ণ ঐচ্ছিক। সংশ্লিষ্ট প্রতিটি কর্মসূচির নির্ধারিত শর্তাবলি, যোগ্যতার মানদণ্ড, ফি এবং অন্যান্য প্রযোজ্য নিয়ম অনুসরণ করে অংশগ্রহণ করতে হবে।
চুক্তিটি প্রাথমিকভাবে তিন বছরের জন্য সম্পাদিত হয়েছে। এ সময়ের মধ্যে দুই প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতায় কাজ করবে।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গণ কার্যক্রম) অধ্যাপক ড. নাছির আহমাদ, ছাত্র হল-১-এর প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ ওমর ফারুক, অক্সফোর্ড কলেজ অব এডুকেশন লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর ড. আশরাফ আবেদিল এবং উপদেষ্টা ও বাংলাদেশের প্রতিনিধি ড. আবদুল্লাহ আল ফারুকী উপস্থিত ছিলেন।
পড়ুন : সিরাজগঞ্জে গরু চুরি রুখতে বাঁশের ব্যারিকেড
সা/


