নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য ঘোষিত নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী। এ সময় জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। তার সঙ্গে ছিলেন এডহক কমিটির সদস্য ও ক্রীড়াবিদ মো. সোহেল।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির নবগঠিত সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও সদস্যকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং তরুণদের ক্রীড়ামুখী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জেলা প্রশাসক বলেন, তরুণরা ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করলে ক্রীড়াঙ্গনের কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব। এজন্য নতুন প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকেই খেলোয়াড়দের যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ ও বিকাশের সুযোগ তৈরি হচ্ছে। এর ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থাকেও নিয়মিত বিভিন্ন খেলাধুলার আয়োজন করতে হবে।
তিনি সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ডিসি রায়হান কবির বলেন, ‘আপনারা বেশি বেশি খেলাধুলার আয়োজন করুন। মাঠে খেলাধুলার পরিবেশ তৈরি হলে কিশোর ও তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব হবে।’
সাক্ষাৎকালে সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং তরুণদের ক্রীড়ামুখী করার বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এ সময় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল করা, স্থানীয় পর্যায়ে খেলোয়াড়দের সুযোগ তৈরি এবং বিভিন্ন বয়সভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের বিষয়েও আলোচনা হয়।
পড়ুন : চাপ নয়, দ্বিপক্ষীয় স্বার্থেই বোয়িং চুক্তি: মাহদী আমিন
সা/


