চট্টগ্রামের সীতাকুণ্ডে মুখে কাপড় বাঁধা ৮-৯ জনের একটি দল একটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় দোকানে থাকা কর্মীদের হাত-পা বেঁধে মারধর এবং দোকান পুনরায় চালু করলে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন দোকান মালিক।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভাটিয়ারী ইউনিয়নের খাদেমপাড়া এলাকার বাসিন্দা মো. রাজিব (৩৩)। দোকানের কার্যক্রম শেষ করে কর্মীদের সেখানে রেখে তিনি বাড়িতে চলে যান। পরে রাত ২টার দিকে এক কর্মীর ফোনে দোকানে হামলার খবর পান রাজিব।
তার অভিযোগ, মুখে কাপড় বাঁধা ৮-৯ জন ব্যক্তি দোকানে প্রবেশ করে কর্মীদের হাত-পা বেঁধে মারধর করেন। এরপর দোকানের বিভিন্ন মালামাল ও আসবাবপত্র ভাঙচুর এবং কিছু মালামাল লুট করে নিয়ে যান তারা। একই সঙ্গে দোকান চালু করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও সীতাকুণ্ড মডেল থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
সীতাকুণ্ড মডেল থানার এসআই শফিউল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : কক্সবাজার বিমানবন্দরের নতুন আন্তর্জাতিক টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু
সা/


