মেহেরপুরের গাংনীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, সরকারি সেবার মান, অনিয়ম-দুর্নীতি, জনদুর্ভোগ, নাগরিক সমস্যা ও উন্নয়নের সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সাংবাদিকরা।
সাংবাদিকরা বলেন, গাংনীর উন্নয়ন ও সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে মানুষ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, প্রশাসনিক জবাবদিহি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সাংবাদিকরা বলেন, সংবাদ প্রকাশের মাধ্যমে এলাকার সমস্যা ও অনিয়ম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়। এসব সংবাদকে ইতিবাচকভাবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে জনদুর্ভোগ কমানো সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান বলেন, উপজেলার উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের মাধ্যমে স্থানীয় সমস্যা ও মানুষের প্রত্যাশার কথা জানা যায়। প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
তিনি স্থানীয় সমস্যা চিহ্নিত করা, সরকারি সেবার মান উন্নয়ন এবং জনসাধারণের প্রত্যাশা পূরণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পড়ুন : ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন
সা/


