শরতের প্রকৃতিতে এখন কাশফুলের দোলা, নীল আকাশ আর উৎসবের আগমনী আবহ। দুর্গাপূজার সেই আবহেই এবার বাঙালিয়ানার সাজে ধরা দিলেন চিত্রনায়িকা পূজা চেরী। দুর্গা প্রতিমার সামনে শাড়ি পরা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। এরপর থেকেই ছবিগুলোতে তার সাজ ও উপস্থিতি নিয়ে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
অফ-হোয়াইট শাড়ির সঙ্গে সবুজ ব্লাউজে দেখা গেছে পূজাকে। সাজে ছিল না অতিরিক্ত জাঁকজমক। সরল সাজেই ফুটে উঠেছে তার বাঙালিয়ানা। পেছনে দুর্গা প্রতিমা আর সামনে হাসিমুখের পূজা—সব মিলিয়ে ছবিগুলোয় তৈরি হয়েছে উৎসবের আবহ।
শুধু ছবির সাজ নয়, পোস্টের বার্তাতেও দুর্গাপূজার তাৎপর্য তুলে ধরেছেন অভিনেত্রী। দেবী দুর্গাকে নারীর শক্তির প্রতীক হিসেবে উল্লেখ করে পূজা লিখেছেন, ‘দেবী দুর্গা শুধু প্রতিমায় নন, তিনি প্রতিটি নারীর অন্তরে জেগে থাকা সেই শক্তি- যে শক্তি ভাঙে, আবার নিজেই নিজেকে গড়ে! অন্ধকার যত গভীরই হোক, একদিন আলো তার পথ ঠিকই খুঁজে নেয়। এটাই দেবী দুর্গার আগমনের অর্থ।’
পূজার পোস্টটি প্রকাশের পর মন্তব্যের ঘরে প্রশংসা করেছেন অনুরাগীরা। কেউ তাকে ‘দেবী’ বলে সম্বোধন করেছেন, আবার কেউ ‘জয় মা দুর্গা’ লিখে জানিয়েছেন আগাম শারদীয় শুভেচ্ছা। অনেকে অভিনেত্রীর সাজ ও ছবিরও প্রশংসা করেছেন।
এর আগেও শরতের আবহে কাশফুলের সৌন্দর্য তুলে ধরেছিলেন পূজা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কাশবনের মাঝে ফিরোজা শাড়িতে তোলা বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। কখনো কাশফুলের ভেতর, আবার কখনো গাছের ছায়ায় প্রকৃতির সঙ্গে মিশে থাকা সেই ছবিগুলোতেও ছিল পুজোর আগমনী আবহ।
সেসব ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, ‘সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা- শরৎ যেন নিজেই এক টুকরো পুজোর গল্প!’
শরৎজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নানা মুহূর্তও তুলে ধরছেন পূজা। কখনো শাড়িতে, কখনো প্রকৃতির সান্নিধ্যে, আবার কখনো নিজের ভাবনার কথা প্রকাশ করছেন তিনি। সব মিলিয়ে সাম্প্রতিক পোস্টগুলোতে তৈরি হয়েছে আলাদা এক আবহ।
অভিনয়ের ক্ষেত্রেও চলতি বছর আলোচনায় ছিলেন পূজা চেরী। সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায় সোহানা চরিত্রে অভিনয় করেছেন তিনি। ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাটিতে নতুন লুকে দর্শকদের সামনে হাজির হন এই অভিনেত্রী।
এদিকে ব্যক্তিজীবন নিয়েও সম্প্রতি আলোচনায় এসেছিলেন পূজা। সেপ্টেম্বরে তার বিয়ের সম্ভাব্য তারিখ নিয়ে খবর ছড়িয়ে পড়লেও পরে নিজেই তা নাকচ করে দেন। বিয়ের তারিখসহ এ বিষয়ে বিস্তারিত নিজেই সময়মতো জানাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
তবে আপাতত এসব আলোচনার বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে পূজার পোস্টজুড়ে জায়গা করে নিয়েছে শরৎ ও দুর্গাপূজার আগমনী আবহ। কাশফুল, শাড়ি আর দেবী দুর্গাকে ঘিরে তার প্রকাশিত ছবি ও ভাবনায় উৎসবের আগেই যেন শুরু হয়েছে পুজোর আয়োজন।
পড়ুন : অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে মিথিলা, চাইলেন দোয়া
সা/


