গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেল চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বাসপাড়া এলাকায় মোটরসাইকেল চুরির অভিযোগে স্থানীয়রা দুই ব্যক্তিকে আটক করেন। এ সময় তাদের ওপর গণপিটুনির ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার চর ঠ্যাঙ্গাবো গ্রামের মৃত রমজান মিয়ার ছেলে খোরশেদ আলম বাদশা (২৭)। তিনি বর্তমানে গাজীপুরের মাওনা প্রশিকা মোড় এলাকার কুদ্দুস মিয়ার বাড়িতে বসবাস করেন। অপরজন ময়মনসিংহের ফুলপুর থানার বালিয়া গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে তাজউদ্দীন (৪০)। তিনি কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় জামালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন:বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
ইমি/


